বীরভূমেও শুরু হল “শিক্ষার্থী সপ্তাহ” উদযাপন

শম্ভুনাথ সেনঃ

নতুন বছরে শিক্ষার মানোন্নয়নের স্বার্থে এবং শিক্ষার্থীদের সুরক্ষিত ভবিষ্যতের লক্ষ্যে রাজ্য শিক্ষা দপ্তর নানা উদ্যোগ নিয়েছে। সারা রাজ্যের সাথে বীরভূমেও আজ ২ জানুয়ারী থেকে “শিক্ষার্থী সপ্তাহ” উদযাপিত হচ্ছে। সরকারি স্কুল গুলিতে বছরের প্রথম সপ্তাহে পালিত হচ্ছে ‘স্টুডেন্টস উইক’। বহু বিদ্যালয়ে আজ ২ জানুয়ারী শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। উল্লেখ্য, শিক্ষার্থীদের জন্য নতুন বছরের শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমে সর্বশিক্ষা মিশন এবং জেলা প্রশাসনের উদ্যোগে আজ ২ জানুয়ারী থেকে ৮ জানুয়ারী “শিক্ষার্থী সপ্তাহ-২০২৬” উদযাপনের সূচনা হয়। এদিন বেলা ১১ টা নাগাদ জেলা শাসকের অফিস থেকে বিদ্যাসাগর ভবন পর্যন্ত একটি শোভাযাত্রা সিউড়ি শহর পরিক্রমা করে। এই রেলি উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) বুলবুল বাকচী। উপস্থিত ছিলেন সর্বশিক্ষা মিশনের ডিপিও শুভ্রশঙ্খ দে, এডিপিও অরিন্দম মুখার্জি, প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি ডঃ প্রলয় নায়েক সহ সর্বশিক্ষা মিশনের কর্মীবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং স্কুল পড়ুয়ারা। সাত দিন ধরেই বিদ্যালয়ে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *