
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের লাভপুর ব্লকের বিপ্রটিকুরি ও তাঁতবান্দী বাসস্টপেজে নির্মিত দু’টি সরকারি যাত্রী প্রতীক্ষালয় দখল করে শাসকদল তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয় তৈরি করেছে। এই মর্মে স্থানীয় লাভপুর বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপির দলীয় কার্যকর্তারা ৷ উল্লেখ্য, বীরভূমের লাভপুর-বোলপুর রাস্তায় তাঁতবান্দি ও বিপ্রটিকুরী বাসস্টপেজে সরকারি খরচে যাত্রী প্রতীক্ষালয় নির্মিত হয় ৷ কিন্তু সেই প্রতীক্ষালয় দুটি এখন যাত্রী প্রতীক্ষালয় নেই।বদলে গিয়েছে তৃণমূলের কার্যালয়ে ৷ সাদা সবুজ রং করে তৃণমূলের দলীয় প্রতীক চিহ্ন সহ মমতা বন্দ্যোপাধ্যায়ে ছবিতে সেজে উঠেছে সেই সরকারি যাত্রী প্রতীক্ষালয় ৷ স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ লাভপুর ব্লক তৃণমূল সভাপতির মদতে বিপ্রটিকুরী অঞ্চল সভাপতি সেখ ইসমাইল (মিঠু) গত পয়লা জানুয়ারী বিপ্রটিকুরী বাসস্ট্যান্ডে সরকারি যাত্রী প্রতীক্ষালয় দখল করে দলীয় কার্যালয় বানিয়েছে ৷ সেই সঙ্গে আরও অভিযোগ ওই দিন তৃণমূলের লাভপুর ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী বিপ্রটিকুরী এলাকায় নিজে উপস্থিত থেকে তৃণমূল কার্যালয়ের উদ্বোধন করেছেন ৷ আর তার আগেই তাঁতবান্দীর যাত্রী প্রতীক্ষালয়টি দখল করে তৃণমূলের দলীয় কার্যালয় বানানো হয়েছে ৷ তার উদ্বোধনেও তরুণ চক্রবর্তী উপস্থিত ছিলেন। স্থানীয় লাভপুরের বিডিও শিশুতোষ প্রামাণিকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বিজেপি নেতা তথা গত বিধানসভা নির্বাচনে লাভপুরের বিজেপির প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল। বীরভূম জেলাশাসককেও এই অভিযোগ জানানো হবে বলে তিনি সাংবাদিকদের জানান। পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিনেই বিপ্রটিকুরী বাসস্টপেজে যাত্রী প্রতীক্ষালয়টি দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে ৷ সাধারণ মানুষ হতবাক।

