
শম্ভুনাথ সেনঃ
বিধানসভা নির্বাচনের মুখেই বীরভূমে বিজেপির জেলা সভাপতি পদে বদল হল। বীরভূম সাংগঠনিক জেলার দীর্ঘদিনের সভাপতি পদে থাকা ধ্রুব সাহা কে সরিয়ে নতুন সভাপতি পদে দায়িত্ব পেলেন সাঁইথিয়ার বিশিষ্ট আইনজীবী উদয় শঙ্কর ব্যানার্জি। গত ডিসেম্বরের শেষ সপ্তাহে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি বদল নিয়ে হইচই পড়ে। উল্লেখ্য, ২৬ ডিসেম্বর ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য বীরভূম ও বিষ্ণুপুর দুই সাংগঠনিক জেলার সভাপতিদের নাম দিয়ে “অর্গানাইজেশন এপয়েন্টমেন্টে” স্বাক্ষর করেন। সেই বিজ্ঞপ্তি দলের অনেক নেতা সেই পোস্টও শেয়ারও করেন। ঘন্টাখানেকের মধ্যে সেই পোস্ট ডিলিটও হয়ে যায়। এটা ফেক নোটিফিকেশন বলে দলের তরফে জানানো হয়। বলা হয় বীরভূমে দলীয় সভাপতি পদে কোনও পরিবর্তন হয়নি। তবে নতুন বছরে সেই বিজ্ঞপ্তিই কার্যকর হয়েছে।

বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি পদে দায়িত্ব নিলেন নতুন মুখ উদয় শংকর ব্যানার্জি। উল্লেখ্য, এতদিন তিনি বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ছিলেন। বিজেপির দলীয় রাজনীতিতে তিনি দীর্ঘদিনের লড়াকু নেতা। বছর তিনেক দলের কোষাধ্যক্ষ পদের দায়িত্ব সামলেছেন তিনি। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার জেলা সভাপতি হিসেবে উদয় শংকর ব্যানার্জীর দায়িত্ব গ্রহণের আগেই সাঁইথিয়ার মা নন্দেকেশ্বরী মন্দিরে পুজো দেন তিনি। এই পবিত্র পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। আজ ৫ জানুয়ারী তন্ত্রক্ষেত্র তারাপীঠে মা তারার পুজো দেন বিজেপি নবনির্বাচিত জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, বীরভূম জেলার প্রাক্তন জেলা সভাপতি ধ্রুব সাহা সহ বিজেপির উৎসাহী দলীয় কর্মী সমর্থকরা।

