
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ময়ূরেশ্বর দু’নম্বর ব্লকের “কোটাসুর সোনালী সংঘে’র” সরস্বতী পুজো এবার ২৫ তম বর্ষে পদার্পণ করল। বাগদেবীর আরাধনায় রজত জয়ন্তী বর্ষে এবার তাদের অভিনব থিম ভাবনা “বরফের দেশ”। উল্লেখ্য, এবার বীরভূমে সারা পৌষ মাস জুড়ে ছিল শীতের দাপট। তাই উদ্যোক্তাদের অন্যতম সদস্য পরেশ ভাণ্ডারীর ভাবনায় এভাবেই সেজে উঠেছে এবার পুজা মণ্ডপ। কোটাসুর মদনেশ্বর শিব মন্দির সংলগ্ন এই মণ্ডপে পৌঁছালে মনে হবে যেন বরফের দেশে পৌঁছে গেছি। থিমের অঙ্গ হিসেবে মণ্ডপে তুলে ধরা হয়েছে বরফে ঢাকা প্রাকৃতিক পরিবেশ। কুকুর চালিত স্লেট গাড়ি, ইগলু, বরফি অঞ্চলের ভাল্লুক, পাহাড়ি কুকুর, শিয়াল সহ নানা ধরনের জীব জন্তুর নিখুঁত প্রতিরূপ তৈরি করা হয়েছে। শিল্পীদের দক্ষতায় বরফের দেশের বাস্তব চিত্র চোখের সামনে যেন একেবারে জীবন্ত। পুজোর প্রধান দায়িত্ব নিয়েছে মৈনাক মণ্ডল, সুকান্ত রায়, যতীন ঘোষেদের সঙ্গে অন্যান্য সদস্যরা। উল্লেখ্য, প্রতি বছর সোনালী সংঘ পূজা মণ্ডপ সাজায় ব্যতিক্রমী থিম ভাবনায়। এর আগে “কুমোর পাড়ার গরুর গাড়ি”, “কাঁচা বাদাম’ দিয়ে ১৩ ফুটের সরস্বতী মূর্তি, পাটকাঠি দিয়ে তৈরি সম্পূর্ণ রেলগাড়ি ও রেলস্টেশন, এমনকি বিয়ে বাড়ির আদলে পূজা মণ্ডপও দর্শকদের নজর কেড়েছিল। এবছরও সেই ধারাবাহিকতায় নতুন চমক উপহার দিয়েছে সোনালী সংঘ। এলাকার দর্শনার্থীদের ঢল নেমেছে পূজা মণ্ডপে। চারদিন ধরেই অনুষ্ঠিত হবে নানা অনুষ্ঠান।
