চলে গেলেন বীরভূমের এক প্রথিতযশা গ্রামীণ শিল্পী নারায়ণ কর্মকার

শম্ভুনাথ সেনঃ

চলে গেলেন বীরভূমের মুখ, লেখক, শিল্পী, ছড়াকার, গীতিকার, নারায়ণ কর্মকার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘজীবন সাহিত্য সাধনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পেশায় ছিলেন কলিয়ারীর কর্মচারী। কিন্তু পাশাপাশি তাঁর সাহিত্য ভাবনা অনেকের হৃদয় স্পর্শ করেছিল। তাঁর লেখা কবিতা, উপন্যাস, গল্প নিয়ে অন্তত ৩০ টি বই প্রকাশিত হয়েছে। তাঁর নিজের লেখা গান সম্প্রচারিত হয়েছে আকাশবাণী এবং দূরদর্শনে।

অনুষ্ঠান মানেই বীরভূমকে নিয়ে তাঁর নিজস্ব গান এবং স্বমহিমায় পরিবেশন অনেকেই দেখেছেন শুনেছেন। সারা বাংলা তথা বাংলাদেশেও তিনি অনুষ্ঠান করেছেন কয়েকবার। পেয়েছেন রাজ্যপাল কর্তৃক সাহিত্য সম্মান পুরস্কার। তাছাড়া তাঁর বাড়িতে অসংখ্য শংসাপত্র, স্মারক সম্মান নারায়ণ কর্মকারকে বাঁচিয়ে রাখবে দীর্ঘদিন। মাস চারেক আগেই তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হন। প্রথম থেকেই চিকিৎসা চলছিল। আজ ২৬ জানুয়ারি বিকেল চারটে পনেরো নাগাদ তাঁর নিজস্ব বাসভবন বীরভূমের লোকপুর থানার ভাড্ডি গ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রেখে গেলেন স্ত্রী, দুই কন্যা, জামাতা, নাতি-নাতনি, আত্মীয় পরিবার-পরিজন এবং বহু গুণমুগ্ধ কবি, সাহিত্যিক, সাংবাদিক, আত্মজনদের। নারায়ণ কর্মকারের শেষকৃত্য সম্পন্ন হবে বক্রেশ্বর মহাশ্মশানে। পারিবারিক সূত্রে এই তথ্য জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *