
সেখ রিয়াজুদ্দিনঃ
গত ২ ফেব্রুয়ারি থেকে ২০২৬ শিক্ষা বর্ষের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। অন্যান্য বিদ্যালয়ের ন্যায় খয়রাশোল ব্লকের লোকপুর উচ্চ বিদ্যালয়েও মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র খোলা হয়েছে। এখানে খয়রাসোল ব্লকের নাকড়াকোন্দা ও রুপুষপুর এবং দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৩৭ জন। এরমধ্যে ছাত্র ১৬৪ জন এবং ছাত্রীর সংখ্যা ১৭৩জন। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীদের এডমিট কার্ড সহ শরীর তল্লাশীর কথা। বিশেষ করে মোবাইল, ক্যালকুলেটর ইত্যাদি ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া নিষেধ। এককথায় পরীক্ষা কেন্দ্রে টুকলি রোধে এরূপ ব্যবস্থা।

জেলার অন্যান্য পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির চিত্র দেখা যায়। কিন্তু লোকপুর উচ্চ বিদ্যালয়ের ক্ষেত্রে পরীক্ষার্থীদের তল্লাশি হচ্ছে মেটাল ডিটেক্টর ছাড়া। এনিয়ে স্থানীয় জনমানসে উঠছে প্রশ্ন। যদিও স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোমনাথ ধীবরের বক্তব্য সরকার যেমন নির্দেশ দিয়েছেন সেই মোতাবেক কাজ করা হচ্ছে। অন্যদিকে খয়রাসোল চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক আশিষ মাহাতা জানান উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় প্রোভাইড করা হয়েছিল। মাধ্যমিক পরীক্ষার্থীদের বিষয়ে খবর নিয়ে জানতে হবে। সূত্রের খবর স্পর্শকাতর জেলা হিসেবে চিহ্নিত বিদ্যালয়ে মেটাল ডিটেক্টর ব্যবহার বাধ্যতামূলক রয়েছে।
