
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সিউড়ি তথা জেলাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। সিউড়ি সংলগ্ন হাটজনবাজার এলাকায় নবনির্মিত রেলওয়ে ওভার ব্রিজের ৮ ফেব্রুয়ারি ভার্চুয়ালি উদ্বোধন করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই প্রকল্পের ফলে বীরভূমের যানজট সমস্যার এক বড়সড় সমাধান হলো। বীরভূমের জেলা সদর সিউড়ির অন্যতম ব্যস্ত এলাকা হাটজনবাজার। এদিন বিকেলে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে দিল্লি থেকে ভার্চুয়ালি এই ব্রিজের দ্বারোদ্ঘাটন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপকুমার সাহা সহ স্থানীয় রেল আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই ব্রিজ উদ্বোধনের ফলে দীর্ঘ এক দশকেরও বেশি প্রতীক্ষার অবসান হল। ৬১৮ মিটার লম্বা, ৭.৫ মিটার চওড়া প্রায় ৪০ কোটি টাকা খরচ করে এই সেতু জনসাধারণের ব্যবহারের জন্য সরকারি ভাবে খুলে দেওয়া হয়।

উল্লেখ্য, এই রেল ওভার ব্রিজটি সিউড়ি-বোলপুর রাস্তার উপর নির্মিত হয়েছে। এতদিন হাটজনবাজারের লেভেল ক্রসিং-এ ট্রেনের যাতায়াতের কারণে দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকতে হতো সাধারণ মানুষকে। এই ব্রিজটি নির্মাণের ফলে সেই দুর্ভোগ এবার চিরতরে মিটল। লেভেল ক্রসিং বন্ধ থাকলে ১৫-২০ মিনিট অপেক্ষা করতে হত। এই ব্রীজ উদ্বোধনের ফলে বীরভূমের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটবে বলে জেলার মানুষ আশাবাদী।

