
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের অন্যতম একটি বড় ব্লক সাঁইথিয়া। রয়েছে মাঠপলসা, ফুলুর, অমরপুর, আহমেদপুর, হাতোড়া, হরিসরা, বনগ্রাম, দেরিয়াপুর, শ্রীনিধিপুর, পাঁড়ুই, সাংড়া, ভ্রমরকোল এমন ১২টি গ্রাম পঞ্চায়েত এবং একটি পৌরসভা “সাঁইথিয়া”। ব্লক অফিসের অবস্থান “আমোদপুর”। সাঁইথিয়া থেকে অন্তত ২০ কিলোমিটার দূরে। তাছাড়া আমোদপুর এলাকা লাভপুর বিধানসভার অন্তর্ভুক্ত। ইদানিং প্রায় প্রতিটি মানুষকে প্রশাসনিক কাজের জন্য যেতে হয় ব্লক অফিসে। সাঁইথিয়া থেকে বেশ দূরবর্তী হওয়ায় অনেক মানুষের হয়রানি বাড়ে। সেই জন্য সাঁইথিয়া বিধানসভার মাঠপলসা, ফুলুর, হাতোড়া, হরিসরা, বনগ্রাম, দেরিয়াপুর এই ছয়টি গ্রাম পঞ্চায়েত এবং সাঁইথিয়া পৌরসভা কে নিয়ে একটি প্রশাসনিক ব্লক অফিস গঠনের দাবি জানিয়েছেন স্থানীয় বিধায়ক লীলাবতী সাহা। গত ৬ ফেব্রুয়ারি বিধানসভায়, সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত সাঁইথিয়া ব্লকের ৬ টি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের যাতায়াতের সমস্যার কথা মাথায় রেখে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে “সাঁইথিয়া ব্লক-২” গঠনের আবেদন জানান তিনি। ইতিপূর্বে গত ২৬ জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি একটি চিঠি দেন। এমন খবরে এলাকার সাধারণ মানুষ বিধায়ককে সাধুবাদ জানিয়েছেন। এই আবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। বিধায়কের প্রস্তাব কার্যকর হলে সাধারণ মানুষের খুবই উপকার হবে।

