
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১ তম জন্মতিথি উৎসব আজ ১৯ ফেব্রুয়ারি যথোচিত শ্রদ্ধায় উদযাপিত হয়। মঙ্গল আরতি, উষাকীর্তন, বিশেষ পূজা, যাগযজ্ঞ প্রার্থনাসভা, ঠাকুরের কথামৃত পাঠের মধ্য দিয়ে দিনটি ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়। উল্লেখ্য, কলকাতা থেকে ৯৭ কিলোমিটার দূরে উত্তর পশ্চিমে হুগলির কামারপুকুরে ঠাকুর রামকৃষ্ণদেব জন্মেছিলেন ১৮৩৬ খ্রীস্টাব্দের ১৮ ফেব্রুয়ারি। রামকৃষ্ণ আশ্রম, মঠ ও মিশন প্রতিবছর ঠাকুরের জন্মতিথি উদযাপন করে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, এবছর ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শ্রী রামকৃষ্ণদেবের জন্ম তিথি পালিত হয়। এদিন আশ্রমের ত্রিনয়নী মাতৃমঞ্চে অনুষ্ঠিত হয় বিশেষ যজ্ঞ। শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের স্বামী অনঘানন্দ মহারাজ ঠাকুরের সামনে এই যজ্ঞ সম্পন্ন করেন। পুর্ণাহুতি দেন আশ্রমের অনুরাগী ভক্ত ও মায়েরা। অনুষ্ঠিত হয় প্রার্থনা সংগীত। চলে ভক্ত সেবা। সন্ধ্যায় সিউড়ির শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয় গীতি আলেখ্য। এ কথা জানিয়েছেন আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ। ছাত্রাবাসের পড়ুয়ারা সহ আশ্রমের বহু ভক্তশিষ্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

