
শম্ভুনাথ সেনঃ
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”। ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। ১৯৫২ সালে এদিনেই মাতৃভাষার দাবিতে ঢাকার রাজপথ রক্তাক্ত হয়েছিল। শহীদ হন আব্দুল, বরকত, সালাম, জব্বর সহ আরো অনেকে। তাই তাদের স্মরণে আজ দিকে দিকে দিনটি পালিত হচ্ছে । ইউনেস্কো ২০০০ সালে ২১ ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। শহীদ স্মরণে ভাষা দিবসকে সামনে রেখে জয়দেব কেন্দুলি অঞ্চল সংস্কৃতি সেবা সমিতির পক্ষ থেকে “ভক্তিভবনে” দিনটি যথোচিত শ্রদ্ধায়, স্মরণে পালিত হয়। সকাল আটটায় স্থানীয় স্থানীয় ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জয়দেব এলাকা পরিক্রমা করে। তারপর শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পন করে সকল সদস্যরা। পরে প্রত্যেক কচিকাচাদের হাতে তুলে দেওয়া হয় মিষ্টি। এদিন ভক্তি ভবনের সভাকক্ষে পড়ুয়া প্রতিযোগীদের নিয়ে “বসে আঁকো” অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এবং বিকালে অনুষ্ঠিত হয় বাংলা ভাষার প্রচার-প্রসার এবং সংকট নিয়ে বিদগ্ধ আলোচনা সভা। পৌরহিত্য করেন একলব্য সম্পাদক ও বিশিষ্ট প্রাবন্ধিক দেবকুমার দত্ত। গৌরবময় অতিথিরূপে উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লকের বিডিও ড. অনির্বাণ মজুমদার। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চারণ কবি সন্তোষ কর্মকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনারুল হক। এ তথ্য জানিয়েছেন সংস্থার সম্পাদক তথা অবসরপ্রাপ্ত শিক্ষক রঞ্জিত মুখোপাধ্যায়।

