হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে প্রাণ গেল বৃদ্ধের

শম্ভুনাথ সেনঃ

হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে বিবাদ। চরম পরিণতি মৃত্যু। ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের সাহাপুর গ্রামে। উল্লেখ্য, দুই প্রতিবেশীর ঝামেলায় প্রাণ হারালেন এক বৃদ্ধ। নাম রমজান সেখ (৬০)। অভিযোগ শাবল ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করার ফলে তার মৃত্যু হয়। পরিবার সূত্রে খবর, ২১ ফেব্রুয়ারি, শনিবার সন্ধ্যায় রমজান সেখের জমিতে হাঁস ঢুকে ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বচসা শুরু হয়। তা দ্রুত হাতাহাতিতে গড়ায়। অভিযোগ হামলাকারীরা রমজান সেখকে লক্ষ্য করে শাবল ও লাঠি দিয়ে বেধড়ক মারে। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, এবং দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ বিষয়ে ইলামবাজার থানা-তে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেই পরিবার সূত্রে জানা গেছে। নিহতের পরিবারের অভিযোগ, পুরোনো শত্রুতার জেরে এমনই নৃশংস ঘটনা। খুনীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে তারা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই, মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। এই ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। মোতায়েন করা হয়েছে পুলিশ। চলছে কড়া নজরদারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *