
শম্ভুনাথ সেনঃ
বিধানসভা ভোটের আগেই ফের চাঞ্চল্য ছড়ালো বীরভূমে। শান্তিনিকেতন থানা এলাকার একটি হোটেলেই বোমা তৈরি করে মজুতের ব্যবস্থা। মধুচক্রকাণ্ডের পর একই জায়গা থেকে উদ্ধার বোমা বিস্ফোরক। পুলিশের একটি সূত্রে জানা গেছে ওই হোটেলটি রাজ্যের এক মন্ত্রী ঘনিষ্ঠ নেতা বাবু দাসের। বোমা উদ্ধারের ঘটনায় অন্তত ৭ জনকে গ্রেপ্তার করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। উল্লেখ্য, কয়েক দিন আগেই ওই হোটেলে মধুচক্র চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন রাজু মোল্লা নামে এক ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর পেয়ে ২১ ফেব্রুয়ারি শনিবার গভীর রাতে এসডিপিও রিকি আগরওয়ালের নেতৃত্বে শান্তিনিকেতন এবং পাড়ুই থানার পুলিশ যৌথ অভিযান চালায়। পরদিন সকালে প্রান্তিক এলাকায় ঐ হোটেল চত্বর ঘিরে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানো হয়। ঐ হোটেলের ঘর থেকে ৫০ টি বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম ও বারুদ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে সন্দেহ করা হচ্ছে, হোটেলের ভিতরেই বোমা তৈরি করে মজুত রাখা হত। ঘটনার খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তবে কি কাউকে আড়াল করার চেষ্টা চলছে বলে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। তবে সাংবাদিকদের পুলিশ আধিকারিক জানান ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
