
শম্ভুনাথ সেনঃ
রাতের অন্ধকারে নিজের দলেরই কর্মীদের হাতে ঘেরাও তৃণমূল নেতা, আর ভোরের আলো ফুটতেই সেই উত্তেজনা বদলে গেল। বীরভূমের ইলামবাজারে শাসকদলের একাংশ নেতার বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখায়। যা ঘিরে এখন জেলা রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। উল্লেখ্য, বীরভূমের ইলামবাজার ব্লকের নানাসোল গ্রাম পঞ্চায়েতের বেলোয়া গ্রামে শাসকদলের নেতাকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা তৃণমূল নেতা দুলাল রায় এর বাড়ি গতকাল রাতে ঘেরাও করেন তৃণমূল দলেরই একাংশ কর্মীরা। নেতৃত্ব দেন স্থানীয় তৃণমূলের যুব নেতা সেখ সাত্তার। কিন্তু আজ সকালে সেই সাত্তারের উল্টো সুর। “আমরা দুলাল রায়ের বাড়ি রাতে গিয়েছিলাম লাইট লাগানোর জন্য আবেদন জানাতে”। এই ঘটনায় বিজেপির ইলামবাজার ব্লক সভাপতি শুকদেব বিশ্বাস সাংবাদিকদের জানান, পাড়ায় সমাধানের জন্য ১০ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ তুলে রাতের অন্ধকারে দুলাল রায়ের বাড়ির সামনে দলের কর্মীরাই বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে সকাল হতেই সুর বদলেছে। এই বিষয়টি স্থানীয় বিডিওর দৃষ্টি আকর্ষণ করবেন বলে তিনি জানান। এদিকে যার বিরুদ্ধে ওঠা অভিযোগ সেই দুলাল রায় অভিযোগ অস্বীকার করে জানান, “আমাকে গ্রামে বিদ্যুতের প্রতিটি পোলে লাইট লাগানোর জন্য আবদার করতে এসেছিল”। “আমাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। সবটাই মিথ্যা।”
অন্যদিকে ইলামবাজার ব্লক তৃণমূল সভাপতি ফজলুর রহমান সাংবাদিকদের জানান, এমন অভিযোগ তার কানে আসেনি, এলে বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রমাণিত হলে দলীয়ভাবে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল রাত থেকে আজ পর্যন্ত এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপান উতোড় শুরু হয়েছে। চলছে ফিসফাস গুঞ্জন।
