
শম্ভুনাথ সেনঃ
বিধানসভা নির্বাচনের আগেই জেলার মানুষের কাছে নিজেদের কাজের উন্নয়নের খতিয়ান প্রকাশ করল বীরভূম জেলা পরিষদ। বিগত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে জেলায় কী কী কাজ হয়েছে, কোন খাতে কত খরচ এমন তথ্য পরিসংখ্যান তুলে ধরে ২৫ ফেব্রুয়ারি জেলা পরিষদ কক্ষে একটি পুস্তিকা প্রকাশ করেন জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল সেখ। পুস্তিকা প্রকাশ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও সদস্যরা। ‘অগ্রগতির পথে বীরভূম” শীর্ষক এই পুস্তিকা জেলা জুড়ে সাধারণ মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সভাধিপতি জানান। উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনে উন্নয়নকেই প্রধান হাতিয়ার করে রাজনৈতিক ময়দানে নামতে চাইছে শাসক তৃণমূল। মাস দুয়েক আগে থেকেই সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে ‘উন্নয়নের পাঁচালি’ গানের সুরে প্রচার চালানো হয়েছিল গ্রামে গ্রামে। আর এবার জেলা পরিষদের পক্ষ থেকেও জেলার উন্নয়নের খতিয়ান তুলে ধরে জেলার মানুষকে জানান দিতে চায় দল। জেলা সভাধিপতির দাবি, রাজ্য সরকারের একাধিক দপ্তর তাদের বিভিন্ন প্রকল্পের কাজের বাস্তবায়নের দায়িত্ব দিয়েছে জেলা পরিষদের উপরে। সেই দায়িত্ব যথাযথ ভাবে পালন করে জেলা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বলে পুস্তিকায় উল্লেখ করা হয়েছে। ছাপানো পুস্তিকায় এমন তথ্য পরিসংখ্যান দেখে বিজেপির বীরভূম সাংগঠনিক কর্তা ব্যক্তিরা জানিয়েছেন পুরোটাই মানুষকে ভুল বোঝানো হচ্ছে। জেলা পরিষদের কাজের সিংহভাগ টাকা আসে কেন্দ্রীয় সরকারের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে। রাজ্য সরকারের আর্থিক অবস্থা একেবারেই খারাপ। ধার করে সরকার চলছে। আগেও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পকে নিজের নামে চালাতে গিয়ে অর্থ সরবরাহ বন্ধ করে দেয় কেন্দ্র। শিক্ষিত সচেতন মানুষজন এবার তার জবাব দিয়ে দেবেন বিধানসভার ভোটে।
