বীরভূমের বোলপুর লাগোয়া এক প্রাথমিক বিদ্যালয়ে মদ্যপ অবস্থায় স্কুলে প্রধান শিক্ষক, বদলির দাবি অভিভাবকদের

শম্ভুনাথ সেনঃ

পাঠশালা নয়, যেন পান শালা! প্রতিদিন মদ্যপ অবস্থায় বিদ্যালয় আসেন প্রধান শিক্ষক। এমন অভিযোগে গত ২৭ ফেব্রুয়ারি প্রধান শিক্ষক স্কুলে ঢুকতেই তাঁকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা ৷ ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর সংলগ্ন বাহিরী-পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যখড়া প্রাথমিক বিদ্যালয়ে। এদিন প্রধান শিক্ষক শুভেন্দু সরকার এতটাই মদ্যপান করেছিলেন, যে ঠিকমতো দাঁড়াতেও পারছিলেন না৷ অভিভাবকরা ঘিরে ধরে প্রশ্ন করলে, তার জবাবও দিতে পারেননি তিনি৷ শুধু বলেন বাইকটা খারাপ হয়ে গেছিল তাই দেরি। উল্লেখ্য, এ রাজ্যে গত এক দশকে শিক্ষার মান তলানিতে ঠেকেছে, এমন অভিযোগ ভুরিভুরি ৷

এদিন বিদ্যালয় এর প্রধান শিক্ষক টলতে টলতে কাদা মাখা অবস্থায় প্রায় সাড়ে বারোটায় স্কুলে ঢুকতেই ছাত্র-ছাত্রীদের কাছেই প্রতিবাদে সরব হন এলাকার মানুষজন। উল্লেখ্য, এই বিদ্যালয়ে ১০০ জন পড়ুয়া। দুজন শিক্ষক। এদিন একজন ছিলেন ছুটিতে। প্রধান শিক্ষক স্কুলের শৌচালয়ে গিয়েও মদ্যপান করেন বলে অভিযোগ করেন অভিভাবকরা।

এমনকি তিনি সময় মতো স্কুলে আসেন না ৷ আর এলেও, সময়ের অনেক আগে স্কুল থেকে চলে যান বলে জানান এক অভিভাবক তুহিন হালদার। তাদের দাবি এমন মাতাল শিক্ষককে বিদ্যালয় থেকে বদলি করা হোক। বিষয়টি নিয়ে বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি ড. প্রলয় নায়েক বলেন, “আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে যথাশীঘ্র ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *