
শম্ভুনাথ সেনঃ
প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম দফার খসড়া ভোটার তালিকায় বীরভূমে বাদ পড়েছে ১২ হাজার নাম। নির্ধারিত ঘোষণা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারী, শনিবার বিকেলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন রাজ্যের নির্বাচনী আধিকারিকের (সিইও) মনোজ আগরওয়াল। সেই তালিকা অনুযায়ী, রাজ্যে আপাতত বাদ গেল ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন। ফলে সব মিলিয়ে রাজ্যের এখনও পর্যন্ত বাদের হিসাব দাঁড়াল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে বিভিন্ন জেলায়। বাদের তালিকায় খোদ কাউন্সিলর, বিএলও এমনকি বিধায়কের নাম ‘বিবেচনাধীন’ রয়েছে। তবে এগুলি আবার সংশোধনের কাজ চলছে। বীরভূম জেলা পরিষদের তৃণমূল সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল সেখ এবং তাঁর মা সাদেকা বিবির নাম রয়েছে ওই একই তালিকায়।বীরভূমে আণ্ডার এডজুডিকেশন অর্থাৎ বিচারধীনের তালিকায় রয়েছে ২,০২,০৫৯ জন।
এস আই আর শুনানি পর্বে ডাক পেয়েছিলেন জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ও তার মা সাদেকা বিবি।এবার চূড়ান্ত তালিকাতে তাদের নামের পাশে “বিবেচনাধীন” করা রয়েছে। উল্লেখ্য, নানুর বিধানসভার ২৩৭ নম্বর পার্টে পাপুড়ি প্রাথমিক বিদ্যালয়ের একটি বুথের ভোটার সভাধিপতি ও তার পরিবার। তবে এদিন তালিকা প্রকাশ হতেই রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন সভাধিপতি। তিনি বলেন,”এসব বিজেপির ঘৃণ্য চক্রান্ত, এর থেকে লজ্জা আর কিছুই হতে পারে না। তাতে আমি চিন্তিত নই জন্ম এখানে। আমরা খালিস্থান, পাকিস্তান, বাংলাদেশ থেকে আসেনি, রোহিঙ্গা নই। আদালতে দেখা হবে। আমার মা কেন্দ্রীয় সরকারের পেনশন পান। আইনি প্রক্রিয়াতেই মোকাবিলা হবে। তবে তার এবং মায়ের নাম যে ভোটার তালিকায় থাকবে তাতে ১০০% তিনি আশাবাদী বলে সাংবাদিকদের জানান।

