
শম্ভুনাথ সেনঃ
তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কারের পর এই প্রথম বীরভূম জেলা সফরে প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন “জনতা উন্নয়ন পার্টির” প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। উল্লেখ্য, ২০২৫ সালের ২২ ডিসেম্বর তিনি এই নতুন দল প্রতিষ্ঠা করেন। বীরভূমের ইলামবাজারের নবগ্রামে আয়োজিত আজ ২ মার্চ তিনি এক ইফতার অনুষ্ঠানে যোগ দেন। স্থানীয় বহু মানুষ ও তার দলের সমর্থকরা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীর জানান, বীরভূম জেলার মোট ১১টি বিধানসভা আসনেই তাঁর দল প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, “যদি কোনও রাজনৈতিক দল জোটে আসতে চায়, তাহলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কেউ জোটে না এলে জনতা উন্নয়ন পার্টি একাই ১১টি আসনে প্রার্থী দেবে।”
জোট প্রসঙ্গে তিনি আরও স্পষ্ট করে জানান, বামেদের সঙ্গে কোনও জোট হবে না। যদিও সিপিএমের সঙ্গে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত দেন তিনি। তাঁর কথায়, তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোই তাঁদের প্রধান লক্ষ্য।
এদিন বিজেপির রথযাত্রা নিয়েও কড়া সমালোচনা করেন হুমায়ুন কবীর। তিনি বিজেপিকে ‘সাম্প্রদায়িক দল’ বলে কটাক্ষ করেন। আগের রথযাত্রা যেমন কোনও ফল দেয়নি, এবারও দেবে না। বাবরি মসজিদ প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বাবরি মসজিদ ভেঙেছে বিজেপি। আমি সেই বাবরি মসজিদ তৈরি করব।” এভাবেই কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানিয়ে রাজনৈতিক বার্তা দেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ূন কবির।
