
শম্ভুনাথ সেনঃ
রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। ভোটের আগেই সরগরম বীরভূম। ২ মার্চ থেকে জেলা জুড়ে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী এবং শুরু হয়েছে রুট মার্চ। বিধানসভা নির্বাচনের আগেই বীরভূমে জোরদার নিরাপত্তার বেষ্টনী। জেলায় সাত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে জেলায়। আসলে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তপ্ত বীরভূমের রাজনৈতিক পারদ। ভোটের নির্ঘণ্ট ঘোষণা ও আইন-শৃঙ্খলা রক্ষায় কোনও খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন। সেই লক্ষ্যেই বীরভূম জেলা জুড়ে মোতায়েন করা হয়েছে মোট সাত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
জেলা পুলিশ সূত্রে খবর, বরাদ্দকৃত সাত কোম্পানির মধ্যে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ২ মার্চ, রবিবার বিকেলেই জেলায় পৌঁছেছে। প্রাথমিক পর্যায়ে এই বাহিনীকে রামপুরহাট এবং নলহাটি এলাকায় মোতায়েন করা হয়েছে। বাকি পাঁচ কোম্পানি বাহিনী জেলায় প্রবেশ করেছে। সোমবার সকাল থেকেই দেখা যাচ্ছে সিউড়ী, বোলপুর, কড়িধ্যা, দুবরাজপুর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা। শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটের আগে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই উদ্যোগ বলে প্রশাসন সূত্রে খবর। আজ ৪ মার্চ বীরভূম জেলার ইলামবাজার ব্লকের জয়দেব-কেন্দুলি এলাকার বিভিন্ন বুথে বুথে রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। সেই ছবি ধরা পড়েছে নয়াপ্রজন্মের ওয়েবসাইট পাতায়। এলাকায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা বাড়াতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন জেলা পুলিশ কর্তৃপক্ষ। রুট মার্চ চলাকালীন বাহিনীর জওয়ানরা সংবেদনশীল এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় মানুষজনদের সঙ্গে কথা বলেন। প্রশাসনের দাবি, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। বাহিনীর উপস্থিতিতে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার হচ্ছে।
