
সেখ রিয়াজুদ্দিনঃ
এস আই আর এর তালিকায় বহু ভোটারদের নাম বিচারাধীন তালিকাভুক্ত। যার ফলে নাম বিচারাধীন থাকা ব্যক্তিরা কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এর প্রেক্ষিতে আতঙ্ক ছড়াচ্ছে সমগ্র এলাকাজুড়ে। উক্ত ঘটনার প্রতিবাদে সিপিআইএম রাজনগর এরিয়া কমিটির পক্ষ থেকে শুক্রবার দুপুরে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় বাজার, বাসষ্ট্যান্ড এলাকা ঘুরে রাজনগর বিডিও র নিকট ডেপুটেশন প্রদান করেন। বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন প্রদান ঘিরে এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজনগর থানার পক্ষ থেকে নিরাপত্তার জন্য ব্লক অফিস সহ জনবহুল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছিল সর্বত্র। রাজনগর বিডিও অফিসের প্রধান ফটক বন্ধ থাকলেও বাম নেতাকর্মীরা ধাক্কা মেরে ওই ফটক খুলে স্লোগান দিতে দিতে বিডিও অফিস চত্বরে প্রবেশ করেন। এরপর রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তীকে স্মারকলিপি জমা দেন বাম নেতৃত্ব। সিপিআইএম রাজনগর এরিয়া কমিটির সম্পাদক উত্তম মিস্ত্রি জানিয়েছেন বিডিও সাহেব তাদের সমস্ত দাবি মনোযোগ সহকারে শুনেছেন এবং দাবিসমূহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন। এছাড়া সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শীতল বাউরী বলেন এস আই আর-এ এই নাম তালিকার জন্য রাজ্য এবং কেন্দ্র উভয়েই সমান দায়ী। জেলা সদস্য সুকদেব বাগদি বলেন বেছে বেছে সংখ্যালঘু সম্প্রদায়ের নাম বেশি করে বাদ দেওয়া হয়েছে, এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত ভোটারদের নাম কোন মতেই বাদ দেওয়া যাবে না। প্রকৃত ভোটারদের নাম চূড়ান্ত তালিকায় না ওঠা পর্যন্ত নির্বাচনের দিন ঘোষণা করা যাবে না। আগে ভোটার পরে ভোট। মূলত: এইসব দাবি নিয়ে বাম নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে রাজনগর বিডিও অফিসে গিয়ে ডেপুটেশন দেন।

