
শম্ভুনাথ সেনঃ
প্রতীক্ষার অবসান। অবশেষে ১৫ মার্চ, রবিবার, ২০২৬ বিকেলে দিল্লির বিজ্ঞান ভবন থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছেন। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গ-সহ তামিলনাড়ু, কেরালা, অসম এবং কেন্দ্রশাসিত পুদুচেরির মোট ৮২৪টি বিধানসভা আসনে ভোটের রণডঙ্কা বেজে উঠল। তবে রাজনৈতিক মহলের নজর কেড়েছে পশ্চিমবঙ্গের বিশেষ বিন্যাস। এবার বাংলাজুড়ে মাত্র দু’দফায় ভোটগ্রহণ করা হবে— ২৩ এপ্রিল, বৃহস্পতিবার-১৫২ টি আসনে এবং ২৯ এপ্রিল, বুধবার ১৪২ টি আসনে। আর এই প্রথম দফাতেই ভাগ্যনির্ধারণ হতে চলেছে রাঙামাটির জেলা বীরভূমের।
একনজরে বীরভূমের নির্বাচনী সূচিঃ
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, বীরভূম জেলার ১১টি বিধানসভা কেন্দ্রেই প্রথম দফায় ভোটগ্রহণ সম্পন্ন হবে।ভোটের তারিখ: ২৩ এপ্রিল, ২০২৬ (বৃহস্পতিবার)।
আনুষ্ঠানিক ভাবে বিজ্ঞপ্তি জারি হবে: ৩০ মার্চ, ২০২৬। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন: ৬ এপ্রিল, ২০২৬। স্ক্রুটিনি বা যাচাইকরণ: ৭ এপ্রিল, ২০২৬। নাম প্রত্যাহারের শেষ দিন: ৯ এপ্রিল, ২০২৬। ভোট গণনা ও ফলাফল: ৪ মে, ২০২৬।
বীরভূমের ১১টি বিধানসভা কেন্দ্রের জন্য (প্রথম দফা: ২৩ এপ্রিল) ভোটগ্রহণ করা হবে।
১. দুবরাজপুর (SC) — কেন্দ্র নং ২৮৪
২. সিউড়ি — কেন্দ্র নং ২৮৫
৩. বোলপুর — কেন্দ্র নং ২৮৬
৪. নানুর (SC) — কেন্দ্র নং ২৮৭
৫. লাভপুর — কেন্দ্র নং ২৮৮
৬. সাঁইথিয়া (SC) — কেন্দ্র নং ২৮৯
৭. ময়ূরেশ্বর — কেন্দ্র নং ২৯০
৮. রামপুরহাট — কেন্দ্র নং ২৯১
৯. হাসন — কেন্দ্র নং ২৯২
১০. নলহাটি — কেন্দ্র নং ২৯৩
১১. মুরারই — কেন্দ্র নং ২৯৪
বীরভূম জেলাকে নির্বাচন কমিশন অত্যন্ত ‘স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করেছে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে কমিশন একগুচ্ছ কড়া পদক্ষেপ নিয়েছে:
জেলার প্রতিটি বুথেই কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী মোতায়েন থাকবে। প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে ড্রোন এবং সিসিটিভি-র মাধ্যমে চালানো হবে কড়া নজরদারি। নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জেলাজুড়ে ‘মডেল কোড অফ কন্ডাক্ট’ কার্যকর হয়েছে। রাজনৈতিক দেওয়াল লিখন বা প্রচারের ক্ষেত্রেও জারি করা হয়েছে কড়া বিধিনিষেধ। উল্লেখ্য, ২০২৬-এর এই লড়াই বীরভূমের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিগত বিধানসভা নির্বাচনের নিরিখে জেলার ১১টি আসনের মধ্যে ১০টি ছিল শাসকদল তৃণমূল কংগ্রেসের দখলে এবং একমাত্র দুবরাজপুর বিধানসভা আসনটি ছিল বিজেপির হাতে। তবে এবার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণ—পুরো জেলা জুড়েই উত্তাপ তুঙ্গে।
আগামী ৪ মে ইভিএম বন্দি জনমতের প্রতিফলন ঘটবে। সেদিনই পরিষ্কার হবে বীরভূমের রাশ শেষ পর্যন্ত কাদের হাতে থাকছে। আপাতত রাঙামাটির জেলা প্রস্তুত হচ্ছে গণতন্ত্রের এই মহোৎসবের জন্য।
