
শম্ভুনাথ সেনঃ
বঙ্গে বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই তপ্ত বীরভূমের মাটি। জেলার ১১টি বিধানসভা আসনের মধ্যে ইতিমধ্যেই ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করে রণকৌশল সাজিয়ে ফেলেছে বিরোধী ভারতীয় জনতা পার্টি। আজ ১৮ মার্চ বুধবার বোলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ কুমার ঘোষ নির্বাচনী প্রচারের অঙ্গ হিসেবে ইলামবাজারে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক ও জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন। এদিন বিকেল পাঁচটা নাগাদ ইলামবাজারে পৌঁছালে দলীয় কর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রচারের শুরুতেই শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেন পদ্ম শিবিরের এই প্রার্থী। ইলামবাজারের মাটি থেকে দাঁড়িয়ে তিনি হুঙ্কার দিয়ে বলেন, “তৃণমূলের গত কয়েক বছরের দুর্নীতি, গুণ্ডামি আর অপশাসনে মানুষ বীতশ্রদ্ধ। সাধারণ মানুষের টাকা নিয়ে যে লুটতরাজ চলেছে, ব্যালট বক্সে তার যোগ্য জবাব দেওয়ার জন্য বীরভূমের মানুষ মুখিয়ে আছে।” দিলীপ কুমার ঘোষ আরও দাবি করেন যে, এবারের নির্বাচনে বীরভূম জেলা তথা বোলপুর কেন্দ্রে পরিবর্তনের হওয়া স্পষ্ট। তাঁর কথায়, “মানুষ আর ভয় পায় না, তারা এবার উন্নয়নের পক্ষে এবং অপশাসনের বিপক্ষে রায় দেবে।” এদিনের এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লক বিজেপির সভাপতি শুকদেব বিশ্বাস সহ শতাধিক উৎসাহী দলীয় কর্মী ও সমর্থক। কর্মীদের মনোবল চাঙ্গা করতে দিলীপ ঘোষ বুথ স্তরের সংগঠনকে আরও মজবুত করার নির্দেশ দেন। বৈঠকের শেষে তিনি এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তাদের অভাব-অভিযোগ শোনেন। রাজনৈতিক মহলের মতে, বোলপুর কেন্দ্রে বিজেপির এই সক্রিয়তা তৃণমূলের গড়ে বড়সড় ফাটল ধরাতে পারে। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই আক্রমণ আর প্রতি-আক্রমণে বীরভূমের রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে।
