
সেখ রিয়াজুদ্দিনঃ
চলছে পবিত্র রমজান মাস। সেই প্রেক্ষিতে জেলার বিভিন্ন স্থানে রাজনৈতিক অরাজনৈতিক উদ্যোগে রোজা খোলার আয়োজন তথা ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেরূপ বীরভূম জেলার পারুই থানার খুষ্টিগিরী দরগাহ শরীফের অন্তর্গত খানকাহে কেরমানীয়া-নেযামীয়া-চিশতীয়া প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র মাহে রমজান উপলক্ষে এক মহতী ইফতার মজলিসের আয়োজন করা হয়। মূল উদ্যোক্তা দরগাহ শরীফের বর্তমান মোতাওয়াল্লী ও সাজ্জাদানেশিন পীর হজরত সৈয়দ শাহ মোহাম্মদ হাফিজুর রহমান কেরমানী সাহেব। ইফতার মাহফিল উপলক্ষে এদিন বিকেল থেকেই দরগাহ প্রাঙ্গণে ভক্ত ও রোজাদারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাগরিবের আজানের সাথে সাথে প্রায় ৭০০ জন রোজাদার একত্রে বসে ইফতারে অংশগ্রহণ করেন। স্থানীয় গ্রামবাসী ছাড়াও পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ ইফতার মাহফিলে যোগদান করেন। পাশাপাশি রোজাদার হিসেবে কচিকাঁচাদের উপস্থিতি ছিল নজরকাড়া। সকলেই রোজা পালন তথা আত্মসংযমের অনুশীলনের মাধ্যমে আল্লাহপাকের সন্তুষ্টি অর্জনে সচেষ্ট। উল্লেখ্য এদিন ইফতার মাহফিলে দোওয়া-দরূদ পাঠ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক ঐক্যের বার্তা দেওয়া হয়। ভবিষ্যতেও এধরনের ধর্মীয় ও মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে অভিমত পোষণ করেন।
