
সেখ রিয়াজুদ্দিনঃ
২০২৬ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই দেওয়াল লিখন থেকে শুরু করে জনসংযোগ যাত্রা সহ বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে ভোট প্রচারে মাঠে ময়দানে অবতীর্ণ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা। সেই ব্যস্ততার মাঝে এক প্রার্থীর দেওয়াল লিখনের উপর গোবরের প্রলেপ দেওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি বীরভূমের দুবরাজপুর থানার গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের অর্ন্তগত বারাবন সংসদের বাগ্দী পাড়ার। জানা যায় সিউড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জির নামে দেওয়াল লিখনের উপর গোবর লেপে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে। অভিযোগের তীর বিরোধী দল বিজেপির দিকে। এই ঘটনাকে কেন্দ্র করে বারাবন বাগ্দীপাড়ায় চাপা উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দুবরাজপুর থানার পুলিশ। এলাকা শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয় এবং ঘটনার তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ বলে জানা যায়। স্থানীয় সূত্রে প্রকাশ তৃণমূলের পক্ষ থেকে বুধবার তৃণমূল প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জির সমর্থনে এলাকায় অন্যান্য জায়গার ন্যায় এখানেও দেওয়াল লিখন করা হয়েছিল। বৃহস্পতিবার সকালেই তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা দেওয়াল লিখনের উপর গোবরের প্রলেপ দেওয়া হয়েছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং দেখতে পান সেই দেওয়াল লেখনের উপর গোবর লেপে দেওয়া হয়েছে। অবশেষে পুলিশ ঘটনাস্থলে আসার পর তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই গোবর লেপন জল দিয়ে মুছে দেয়। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্যের স্বামী প্রসেনজিৎ বাগ্দী ও বুথ সভাপতি শ্রীকান্ত দাস উভয়ের সন্দেহ বিজেপির দিকে। পুলিশ ঘটনার তদন্ত করে উপযুক্ত শাস্তির দাবি জানান। তাদের আরও বক্তব্য পাড়ায় বিভিন্ন মতাদর্শের লোকজন থাকলেও কখনো কোনো কিছু অশান্তি সৃষ্টি হয়নি। এটা একটা চক্রান্ত করে এলাকায় অশান্তির বাতাবরণ তৈরি করতে চায়। পুলিশ সমস্ত দিক খতিয়ে এবং তদন্ত করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।
