নির্বাচনী আবহে বীরভূমে কড়া নজরদারি: জয়দেব সেতুতে পুলিশের নাকা চেকিং

শম্ভুনাথ সেনঃ

রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই জারি হয়েছে আদর্শ আচরণবিধি। শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে বীরভূম জেলা জুড়ে শুরু হয়েছে নিশ্ছিদ্র পুলিশি তৎপরতা। গত পরশু নলহাটিতে বিস্ফোরক বোঝাই ট্রাক্টর উদ্ধারের ঘটনার পর থেকেই জেলা পুলিশ প্রশাসন বাড়তি সতর্কতা অবলম্বন করছে।
এই পরিস্থিতির প্রেক্ষাপটে আজ ১৯ মার্চ সকাল থেকেই বীরভূম-পশ্চিম বর্ধমান সংলগ্ন জয়দেব কেন্দুলী পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে অজয় নদের উপর জয়দেব সেতু এলাকায় ব্যাপক নাকা চেকিং শুরু হয়েছে। আসন্ন নির্বাচনে সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখতে প্রতিটি যানবাহন তল্লাশি করা হচ্ছে। কড়া নজরদারির পাশাপাশি প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগও চোখে পড়ছে। বাইক আরোহীদের হেলমেট পরা এবং চারচাকা চালকদের সিটবেল্ট বাঁধার সুপরামর্শ দেওয়া হচ্ছে। ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির বার্তা দিয়ে পুলিশ আধিকারিকরা অনুরোধ জানাচ্ছেন, উৎসবের মেজাজে ভোট দিতে যেন সকলেই ট্রাফিক নিয়ম মেনে চলেন। নির্বাচনের আগে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এই সক্রিয়তাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *