
শম্ভুনাথ সেনঃ
বীরভূম জেলার খুষ্টিগিরী দরগাহ শরীফ প্রাঙ্গণে ভাব গম্ভীর পরিবেশে আজ ২১ মার্চ সকাল সাড়ে নটায় শুরু হয় পবিত্র ঈদ উল ফেতরের নামাজ। নামাজের সময় সকাল ৮ টায় নির্ধারিত হলেও বৃষ্টির কারণে তা পিছিয়ে দেওয়া হয়। গত রাতের বৃষ্টি ও আজ সকালের মেঘলা আবহাওয়া উপেক্ষা করে খুষ্টিগিরী সহ পার্শ্ববর্তী গ্রাম এমনকি ভিন জেলা থেকেও অজস্র মানুষ ঈদের নামাজে সামিল হন। দীর্ঘ এক মাস রোজাব্রত পালনের মাধ্যমে ত্যাগ-সংযম অনুশীলনের পর বাস্তবিকই এই ঈদ সবার মনে জাগিয়ে তোলে খুশির জোয়ার। পবিত্র ঈদ উল ফেতরের নামাজ শেষে সবাই একে অপরকে আলিঙ্গন করেন, কুশল বিনিময়ে ব্যস্ত হয়ে পড়েন। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দিয়ে সকলকে মানবতাবোধে উদ্বুদ্ধ করেন খুষ্টিগিরী দরগাহ শরীফের বর্তমান মোতাওয়াল্লী ও সাজ্জাদানেশীন হজরত সৈয়দ শাহ হাফিজুর রহমান কেরমানী সাহেব। পবিত্র ঈদ উপলক্ষে পুণ্যতীর্থ খুষ্টিগিরী দরগাহ শরীফ দর্শনে ও সুফি সাধক হজরত আব্দুল্লাহ কেরমানী (রহঃ) এঁর মাজার শরীফ জিয়ারতে স্থানীয় ও দূরবর্তী এলাকা থেকে সব ধর্মের মানুষ ভিড় জমাচ্ছেন। পূণ্যার্থীদের সমাগমে খুষ্টিগিরী দরগাহ শরীফ সম্প্রীতির মিলনক্ষেত্রে পরিণত হয়েছে।
