
সেখ রিয়াজুদ্দিনঃ
রাজনগর বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী বুদ্ধদেব চৌধুরীর একটি মোটর বাইক চুরি যায় ঈদের আগের দিন শুক্রবার। ঈদ উপলক্ষে বাজারে সেদিন ভীড় ছিল জমজমাট। ব্যবসায়ী অন্যান্য দিনের মতো তাঁর দোকানের পাশেই বাইকটি রেখেছিলেন। রাত্রি সাড়ে সাতটা নাগাদ হঠাৎই লোডশেডিং হওয়ার একটু পরেই তিনি লক্ষ্য করেন তার বাইকটি সেখানে নেই। অনেক খোঁজাখুঁজির পর বুদ্ধদেব চৌধুরী রাজনগর থানার ভিলেজ পুলিশ দেবাশীষ ওঝাকে বিষয়টি জানান। এরপর রাজনগর থানার ওসি ঝুমুর সিনহার নির্দেশে নজর ক্যামেরা সহ বিভিন্ন ভাবে খোঁজাখুঁজি শুরু হয়। পার্শ্ববর্তী বিভিন্ন থানা গুলিকেও বিষয়টি জানানো হয়। বিভিন্ন সূত্র থেকে খবর পেয়ে সুরজ খান নামে স্থানীয় এক বাসিন্দাকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করতেই সে চুরির কথা স্বীকার করে। বিদ্যুৎ চলে যাওয়ার সুযোগেই সে বাইকটি চুরি করে পাশের একটি জঙ্গলে রেখে এসেছে বলে স্বীকার করে। পুলিশ সঙ্গে সঙ্গে জঙ্গলে গিয়ে বাইকটি উদ্ধার করেন। উল্লেখ্য মাত্র এক ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া বাইকটি উদ্ধার হওয়ায় খুশি ব্যবসায়ী বুদ্ধদেব চৌধুরী। চুরি যাওয়া বাইক উদ্ধারের খবর পেয়ে তিনি রাজনগর থানার ওসি ঝুমুর সিনহা ও ভিলেজ পুলিশ দেবাশিস ওঝা সহ অন্যান্য পুলিশ কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। পুলিশ বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং সুরজ খানকে গ্রেফতার করে। পুলিশ মামলা রুজু করে এএসআই I মদন সরকারের নেতৃত্বে আসামিকে শনিবার সকালে সিউড়ি আদালতে পেশ করেন। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। এর পিছনে অন্য কোন চক্র যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
