
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের নানুর বিধানসভার ইক্ষুধারা গ্রামের আলু ক্ষেতে মাঠে নেমে আলু তুললেন বিজেপি প্রার্থী খোকন দাস। নানুরে ভোট প্রচারের কেন্দ্রবিন্দুতে ‘গ্রাউন্ড কানেক্ট’! তপ্ত রোদে রাজনৈতিক উত্তাপ যখন তুঙ্গে, তখন রাজনীতির আঙিনা ছেড়ে সরাসরি কৃষকদের জমিতে নেমে পড়লেন নানুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খোকন দাস। বীরভূমের নানুর ব্লকের ইক্ষুধারা গ্রামের মাঠে আলু তোলার কাজে হাত লাগিয়ে এলাকায় নজর কেড়েছেন তিনি।
আজ ২৪ মার্চ মঙ্গলবার প্রচারের উদ্দেশ্যে ইক্ষুধারা গ্রামে পৌঁছালে কৃষকদের কাজ করতে দেখে নিজেকে আর আটকে রাখতে পারেননি এই প্রার্থী। সরাসরি মাঠে নেমে কৃষকদের পাশে জমি থেকে আলু তুলতে শুরু করেন তিনি। মাটির কাছাকাছি মানুষের সঙ্গে একাত্ম হতে দ্বিধাবোধ করেননি খোকন বাবু। দীর্ঘক্ষণ কৃষকদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার পাশাপাশি তাঁদের সুখ-দুঃখ এবং চাষবাস সংক্রান্ত সমস্যার কথাও শোনেন গভীর মনোযোগ দিয়ে। প্রার্থীর এই কাজ নিয়ে এলাকায় এখন ব্যাপক চর্চা শুরু হয়েছে। স্থানীয়দের অনেকের মতে, সরাসরি সাধারণ মানুষের দৈনন্দিন কাজের অংশীদার হয়ে তিনি একাধারে যেমন জনসংযোগ সারলেন, তেমনি সাধারণ মানুষের মন জয়ের চেষ্টা করেন। তবে এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির। স্থানীয় বিরোধী নেতৃত্বের দাবি, ভোটের সময় ভোটারদের নজর কাড়তেই এই ধরনের ‘অভিনব নাটক’ সাজিয়েছেন বিজেপি প্রার্থী। সারা বছর কৃষকদের পাশে না থেকে ভোটের মুখে মাঠে নামাটা নিছকই রাজনৈতিক গিমিক বলে তাঁরা মনে করছেন। বিরোধীদের সমালোচনাকে গুরুত্ব না দিয়ে খোকন দাসের সমর্থকদের দাবি, তিনি মাটির মানুষ এবং মানুষের সমস্যা বুঝতে তিনি বরাবরের মতোই বদ্ধপরিকর। মাঠ থেকে উঠে আসার পর এলাকার মানুষের মধ্যে এই প্রচার নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যা নানুরের ভোট সমীকরণে বাড়তি মাত্রা যোগ করল।

