বীরভূমের বোলপুর এলাকায় উন্নয়নকে হাতিয়ার করে জনসংযোগে চন্দ্রনাথ সিংহ

শম্ভুনাথ সেনঃ

তাপমাত্রার পারদ চড়ার পাশাপাশি পাল্লা দিয়ে বীরভূমের লাল মাটিতে তপ্ত হচ্ছে রাজনীতির ময়দান। আগামী ২৩ এপ্রিল বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনী বৈতরণী পার হতে বোলপুর বিধানসভা কেন্দ্রে ঘাসফুল শিবিরের প্রার্থী সেই পরিচিত মুখ— চন্দ্রনাথ সিংহ। প্রচারের রণকৌশল সাজাতে আজ ইলামবাজার ব্লকের মঙ্গলডিহি গ্রাম পঞ্চায়েতের ধানসা গ্রামের ১৩ নম্বর বুথে এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ বুথ ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন গ্রাম্য পরিবেশ যেন এক রাজনৈতিক উৎসবে পরিণত হয়েছিল। আলোচনা সভায় প্রার্থী চন্দ্রনাথ সিংহের পাশাপাশি উপস্থিত ছিলেন একঝাঁক স্থানীয় নেতৃত্ব ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান। ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দুলাল চন্দ্র রায় ছাড়াও মঙ্গলডিহি অঞ্চলের তৃণমূল স্তরের কর্মী এবং এলাকার সাধারণ নাগরিকবৃন্দ।
বক্তব্য রাখতে গিয়ে চন্দ্রনাথ সিংহ বিগত দিনের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন এবং মানুষের ঘরের দুয়ারে পৌঁছে যাওয়ার অঙ্গীকার করেন। বুথ ভিত্তিক এই কর্মিসভায় শুধু রণকৌশল নির্ধারণই নয়, বরং সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। “নির্বাচন মানে কেবল ভোট নয়, মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের পরীক্ষা,”— সভায় উপস্থিত এক দলীয় কর্মীর এই কথায় স্পষ্ট যে, তৃণমূল শিবির প্রতিটি বুথকে দুর্গ হিসেবে গড়ে তুলতে মরিয়া। ধানসা গ্রামের ১৩ নম্বর বুথের এই সভায় স্থানীয় বাসিন্দাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রচারের ঝোড়ো গতি আর মানুষের উচ্ছ্বাসই বলে দিচ্ছে— বীরভূমের মাটিতে লড়াই হতে চলেছে সেয়ানে সেয়ানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *