
শম্ভুনাথ সেনঃ
বঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই বীরভূমের তপ্ত রাজনীতিতে ঝড় তুললেন বোলপুর বিধানসভার বিজেপি প্রার্থী দিলীপ কুমার ঘোষ। আজ ২৮ মার্চ, শনিবার জয়দেব কেন্দুলীর ঐতিহ্যবাহী রাধাবিনোদ মন্দিরে পুজো দিয়ে প্রচার অভিযান শুরু করেন তিনি। এদিন কর্মী-সমর্থকদের নিয়ে এক বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে জনসংযোগে মিলিত হন। শাসকদলকে কড়া ভাষায় বিঁধে তিনি বলেন, “তৃণমূলের দুর্নীতি ও গুণ্ডামিতে সাধারণ মানুষ বীতশ্রদ্ধ। লুটতরাজের যোগ্য জবাব এবার ব্যালট বক্সেই দেবে বীরভূমের জনতা।” তাঁর দাবি, মানুষ এখন ভয়হীন এবং উন্নয়নের পক্ষে ভোট দিতে মুখিয়ে আছে। পদযাত্রা শেষে দলীয় কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে বুথ স্তর মজবুত করার নির্দেশ দেন তিনি। এদিনের নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন শুকদেব বিশ্বাস, রামকৃষ্ণ রায়, চিত্তরঞ্জন সিংহ সহ শতাধিক উৎসাহী দলীয় কর্মী ও সমর্থক। স্থানীয় মানুষজনদের কাছ থেকে অভাব-অভিযোগ শুনে জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী বলে জানান এই বিজেপি নেতা দিলীপ কুমার ঘোষ। নির্বাচন যত এগোচ্ছে, বীরভূমের রাজনৈতিক পারদ যে আরও চড়বে, তা বলাই বাহুল্য।

