
শম্ভুনাথ সেনঃ
আগামী ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বীরভূমের লাভপুরের মা ফুল্লরা মাঠে আয়োজিত হলো তৃণমূল কংগ্রেসের এক বিশাল জনসভা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন লাভপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অভিজিৎ সিনহার সমর্থনে বক্তব্য রাখেন। জনসভাকে কেন্দ্র করে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, দলের কোর কমিটির সভাপতি ডক্টর আশিস ব্যানার্জি, আহ্বায়ক অনুব্রত মণ্ডল, সাংসদ অসিত মাল, লাভপুর বিধানসভার প্রার্থী অভিজিৎ সিংহ সহ দলীয় নেতৃত্ব। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন পুরো এলাকা সিসিটিভি ও কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছিল।
মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ‘বহিরাগত জমিদার’ আখ্যা দিয়ে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার গরিব মানুষের হকের টাকা আটকে রেখে প্রবঞ্চনা করছে। তাঁর কথায়, “এই ভোট শুধু জেতানোর নয়; এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ ও প্রতিশোধের ভোট।” তিনি তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। দাবি করেন, তৃণমূল যা বলে তা করে দেখায়। এদিন তিনি লাভপুর বিধানসভার প্রার্থী অভিজিৎ সিংহকে ৬০ হাজার ভোটের ব্যবধানে জয়ী করার লক্ষ্যমাত্রা বেঁধে দেন এবং পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়যুক্ত করার আহ্বান জানান।

