বীরভূমের সিউড়িতে বীরভূম সাহিত্য পরিষদের শতবার্ষিকী সভাকক্ষে “বসে আঁকো” প্রতিযোগিতা অনুষ্ঠিত হল

শম্ভুনাথ সেনঃ

সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেড়শো তম জন্মবর্ষ ও কবি সুকান্ত ভট্টাচার্যের শততম জন্মবর্ষকে শ্রদ্ধা জানাতে তাঁদের মুখাবয়ব অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বীরভূমের সিউড়িতে। বীরভূম সাহিত্য পরিষদের শতবার্ষিকী সভাকক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত হয় শিশুদের “বসে আঁকো” প্রতিযোগিতা। আজ, ২৮ মার্চ ২০২৬, শনিবার দুপুরে জেলা সদর সিউড়ির বীরভূম সাহিত্য পরিষদের নিজস্ব সভাকক্ষে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

মিহিরলাল স্মৃতি রক্ষা কমিটি ও বীরভূম সাহিত্য পরিষদের যৌথ উদ্যোগ ও ব্যবস্থাপনায় এই অভিনব কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। স্বাধীনতা সংগ্রামী মিহিরলাল চট্টোপাধ্যায়ের স্মৃতিতে উৎসর্গীকৃত এই প্রতিযোগিতায় সিউড়ি শহরের পাঁচটি নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির মোট ৪৪ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল প্রখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অথবা কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতিকৃতি অঙ্কন। দুজন আমন্ত্রিত বিশেষজ্ঞ বিচারকের সূক্ষ্ম মূল্যায়নের পর ফলাফল ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দিরের কৃষ্ণেন্দু মাল। দ্বিতীয় স্থান পায় সরোজবাসিনী শিশু মন্দিরের সাহিত্যিকা পাল এবং তৃতীয় স্থান দখল করে সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দিরের অরিত্র বাউড়ি। এছাড়া ইউ পি পাবলিক স্কুলের অর্ণা গড়াইকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি সকল অংশগ্রহণকারীকেই শংসাপত্র প্রদান করা হয়। বীরভূম সাহিত্য পরিষদের এই নবতম পদক্ষেপটি স্থানীয় সুধীমহলে বেশ প্রশংসিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *