
শম্ভুনাথ সেনঃ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২৯ মার্চ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য বীরভূম জেলার প্রার্থী তালিকা ঘোষণা করল জাতীয় কংগ্রেস। এই জেলায় মোট ১১টি বিধানসভা কেন্দ্র রয়েছে এবং প্রতিটি আসনেই কংগ্রেস তাদের নিজস্ব প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে। এদিন দিল্লিতে দলের কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকের পর এই তালিকা প্রকাশ করা হয়। দলের সাধারণ সম্পাদক কে.সি. বেণুগোপাল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হয়েছে। অভিজ্ঞ ও নতুন মুখের ভারসাম্য বজায় রাখা হয়েছে তালিকায়। বীরভূম জেলার গুরুত্বপূর্ণ আসন গুলোর মধ্যে সিউড়ি থেকে লড়াই করছেন সঞ্জয় অধিকারী। অন্যদিকে বোলপুর আসনের প্রার্থী করা হয়েছে রথীন সেনকে। হাসন কেন্দ্রে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সেই মিল্টন রশিদ প্রার্থী হয়েছেন। তপশিলি জাতি সংরক্ষিত আসন গুলির মধ্যে দুবরাজপুর থেকে সঞ্জয় বেপারী, নানুর থেকে অভয় দাস এবং সাঁইথিয়া থেকে অর্চনা অঙ্কুর প্রার্থী হচ্ছেন। লাভপুর বিধানসভার প্রার্থী রত্না সেন। সৈয়দ কাসাফাদ্দোজা প্রার্থী হয়েছেন ময়ূরেশ্বর কেন্দ্রে। রামপুরহাটে লড়ছেন বিবেকানন্দ সাউ। অন্যদিকে নলহাটি এবং মুরারই কেন্দ্রে দুই সংখ্যালঘু প্রার্থী ডাক্তার আব্দুল করিম ও সঞ্জীবুর রহমান রয়েছেন প্রতিদ্বন্দ্বিতায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বীরভূমের রাজনৈতিক সমীকরণে এই তালিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঘোষিত তালিকায় অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি বেশ কিছু নতুন এবং তরুণ মুখকেও প্রাধান্য দেওয়া হয়েছে। মূলত সংগঠনের পুরনো কর্মীদের সক্রিয় করা এবং স্থানীয় স্তরে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীদের তুলে ধরাই দলের লক্ষ্য। আগামী কয়েক দিনের মধ্যেই বীরভূমের বিভিন্ন কেন্দ্রে কংগ্রেস প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন বলে দলীয় সূত্রে খবর। তৃণমূল ও বিজেপির দ্বিমুখী লড়াইয়ের মাঝে কংগ্রেসের এই প্রার্থী ঘোষণা জেলার রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল।

