বীরভূমের সিউড়িতে তৃণমূলের পার্টি অফিসে কেন্দ্রীয় বাহিনীর ক্যারাম খেলা: তিন সিআরপিএফ জওয়ান সাসপেন্ড, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

শম্ভুনাথ সেনঃ

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বীরভূমের সিউড়িতে এক নজিরবিহীন ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ক্যারাম খেলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। কর্তব্যে গাফিলতি ও নিরপেক্ষতা ভঙ্গের অভিযোগে ইতিমধ্য়েই অভিযুক্ত তিন সিআরপিএফ (CRPF) জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, সিউড়ি শহরে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ইউনিফর্ম পরিহিত অবস্থায় বেশ কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বসে আছেন। শুধু বসাই নয়, স্থানীয় তৃণমূল কর্মীদের সঙ্গে হাসিমুখে ক্যারাম খেলায় মেতে উঠেছেন তারা। অভিযোগ উঠেছে, ডিউটি চলাকালীন দীর্ঘক্ষণ ওই পার্টি অফিসে বসে তারা আড্ডা দেন, যা নিরাপত্তা ও নির্বাচনের আদর্শ আচরণবিধির পরিপন্থী। ভিডিওটি প্রকাশ্যে আসতেই জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন।এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়েছে। পদ্ম শিবির এই ঘটনাকে “অত্যন্ত আপত্তিকর ও হতাশাজনক” বলে বর্ণনা করেছে। গেরুয়া শিবিরের নেতৃত্বের প্রশ্ন, যাদের ওপর অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব, তারা কীভাবে একটি শাসক দলের অফিসে বসে সময় কাটাতে পারেন? এতে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে উঠছে প্রশ্ন! বীরভূমের মতো রাজনৈতিকভাবে উত্তপ্ত জেলায় কেন্দ্রীয় বাহিনীর এই ‘ক্যারাম বিলাস’ সাধারণ মানুষের মনেও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *