বিজেপির পতাকা খোলা নিয়ে বীরভূমের চিনপাই গ্রামে রাজনৈতিক উত্তেজনা: দীর্ঘক্ষণ আটক এমসিসি টিম

শম্ভুনাথ সেনঃ

বিধানসভা নির্বাচনী মরসুমে পতাকা খোলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের সিউড়ি বিধানসভার চিনপাই গ্রাম। ২৯ মার্চ রবিবার বিকেলে বীরভূমের এই গ্রামে বিজেপির দলীয় পতাকা খুলে ফেলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।


বিজেপির অভিযোগ, বাড়ির মালিকের অনুমতি থাকা সত্ত্বেও সদাইপুর থানা ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে নির্বাচন কমিশনের দুবরাজপুর ব্লক এমসিসি (MCC) টিম জোরপূর্বক দলীয় পতাকাগুলি খুলে দেয়। প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে এবং বেছে বেছে শুধুমাত্র বিজেপির পতাকা সরানো হয়েছে। এই ঘটনার জেরে ক্ষুব্ধ গ্রামবাসীরা এমসিসি টিমের আধিকারিকদের ঘেরাও করে প্রায় তিন ঘণ্টা আটকে রাখেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান দুবরাজপুর ব্লকের উচ্চপদস্থ নির্বাচনী আধিকারিকরা। দীর্ঘ আলোচনার পর তাঁদের উপস্থিতিতেই বিজেপি কর্মীরা পুনরায় ওই স্থানগুলিতে দলীয় পতাকা লাগিয়ে দেন। প্রায় তিন ঘণ্টা পর ঘেরাও মুক্ত হন আধিকারিকরা। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা।

ছবি ও ভিডিও: নিতাই চক্রবর্তী, চিনপাই, বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *