বিজেপির বঞ্চনার জবাব দিতে তৃণমূলকে ভোট দিন, তারাপীঠের সভা থেকে অভিষেকের বার্তা

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের তারাপীঠ সংলগ্ন কড়কড়িয়া মোড়ে আজ ৪ এপ্রিল দ্বিতীয়বার জনসভা করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন জনসভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। এর আগে গত ২৮ মার্চ নানুরে তিনি এক জনসভায় ভাষণ দেন। আজ হাসন বিধানসভা কেন্দ্রের প্রার্থী ফায়েজুল হক ওরফে কাজল সেখের সমর্থনে আয়োজিত এই সভা থেকে তিনি উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরার পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের বাংলার প্রতি বঞ্চনার কথা কড়া ভাষায় তুলে ধরেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের বাড়ি, রাস্তা এবং ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন রান্নার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম এখন আকাশছোঁয়া। তিনি দাবি করেন, রাজ্যে চতুর্থবারের জন্য মা-মাটি-মানুষের সরকার আসা এখন কেবল সময়ের অপেক্ষা।
তপ্ত রোদ কিংবা ঝড় জল উপেক্ষা করেও তিনি ২৩ মার্চ ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী ও পথশ্রীর মতো প্রকল্পগুলির সাফল্যের খতিয়ান দিয়ে তিনি তৃণমূলের ইস্তাহারের ‘পাঁচটি শপথ’ পুনর্ব্যক্ত করেন। তিনি প্রতিশ্রুতি দেন— মহিলারা আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, পাইপলাইনের সাহায্যে বাড়ি বাড়ি পৌঁছে যাবে পানীয় জল, দুয়ারে স্বাস্থ্য শিবির হবে, বয়োজ্যেষ্ঠরা পাবেন বার্ধক্য ভাতা এবং গরিবের মাথার ওপর পাকা ছাদের ব্যবস্থা করবে রাজ্য সরকারই। এদিন মঞ্চে ফায়েজুল হক, তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল, ডঃ আশীষ ব্যানার্জি, অভিজিৎ সিংহ, বিধানচন্দ্র মাঝি ও সাংসদ অসিত মাল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসভার পর তারাপীঠে মা তারার পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *