
শম্ভুনাথ সেনঃ
সাতসকালেই রক্তাক্ত হল বীরভূমের মাটি। আজ শনিবার ৪ এপ্রিল বোলপুর-নানুর রোডের লায়েকবাজার এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বলরাম মাল নামে এক জনৈক ভ্যান চালক। তাঁর বাড়ি বোলপুরের ইন্দিরা পল্লীতে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে একটি মার্বেল গোডাউনের দিকে যাওয়ার সময় দ্রুতগতির একটি ডাম্পার সজোরে তার ভ্যানটিকে ধাক্কা মারে। ঘাতক ডাম্পারের অভিঘাত এতটাই তীব্র ছিল যে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। নিমেষের মধ্যে নেমে আসে শোকের ছায়া। এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ডাম্পারটিকে আটকে রেখে পথ অবরোধ ও বিক্ষোভ শুরু করেন তাঁরা। তাঁদের অভিযোগ, এই রাস্তায় ভারী যান চলাচলের ওপর প্রশাসনের কোনও নিয়ন্ত্রণ নেই। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় দীর্ঘক্ষণ ছিল চাপা উত্তেজনা।
