
উত্তম মণ্ডলঃ
৫ এপ্রিল রাজনগর ব্লকের লাউজোড় সমবায় সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচন ছিল। সবকিছুই ছিল ঠিক। মনোনয়নপত্র জমা থেকে দেওয়াল লিখন। সব মিলে বিজেপি ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে তেড়েফুঁড়ে উঠেছিল। অনেকের মতে, আসন্ন ২৮৫ নম্বর সিউড়ি বিধানসভা ভোট যদি হয় ফাইনাল খেলা, তবে এই লাউজোড় সমবায় সমিতি পরিচালক মণ্ডলীর নির্বাচন হলো সেমি-ফাইনাল।
সরকারি বিজ্ঞপ্তি মোতাবেক ০৫/০৪/ ২০২৬ ছিল সেই ভোট। বেলা ১১ টা থেকে ভোট গ্রহণ শুরু হবার কথা ছিল। কিন্তু সময়মতো ভোটাররা এসে দেখেন, সমিতির দরজায় তালা। পর্যাপ্ত পুলিশ না থাকার কারণে এই ভোট স্থগিত বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ করা হয়। ঘটনাস্থলে পুলিশ এলে দেওয়া হয় “গো ব্যাক” শ্লোগান। হাজির ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অনুপ গরাই, জয়ন্ত আচার্য, বংশীধর মালী, বামাপদ ঘোষসহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। এ সম্পর্কে অনুপ গরাই, জয়ন্ত আচার্য এ ঘটনাকে শাসকের চক্রান্ত বলে দাবি করেন। সব মিলে ভোটের বাজারে দ্বিগুণ তেতে ওঠে এলাকা। সমিতির প্রবন্ধক অমর মালীকে পাওয়া না যাওয়ায় এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানা যায়নি।
