
সেখ রিয়াজুদ্দিনঃ
আগামী ২৩ এপ্রিল বীরভূমে প্রথম দফার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। জোর কদমে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নিয়ে জনসংযোগ প্রচার অভিযান। সেরূপ সিউড়ি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ভোট প্রচারের সময় ভোটারদের আহ্বান জানান যে,”১৫বছর ওদের দেখলেন একবার পাল্টে দেখুন। আমরা গরিবের পার্টি।” – রবিবার চিনপাই গ্রামের বিশ্রামতলায় এক বয়স্ক মানুষের হাত ধরে এই কথা বললেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মতিউর রহমান। রবিবার সকালে চিনপাই গ্রামে দলীয় কমী সমর্থকদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে প্রচার করেন। কাউকে বলছেন – “আমি বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মতিউর রহমান। তসরকাটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তৃণমূল, বিজেপিকে দেখলেন। এবার আমাকে একবার সুযোগ দিয়ে দেখুন।” আবার পথচলতি মানুষকে বলছেন – “আমাদের একবার সুযোগ দিয়ে দেখুন।” এভাবেই চিনপাই গ্রামে নির্বাচনী প্রচার সারলেন সিপিআইএম প্রার্থী মতিউর রহমান। বীরভূম জেলার সদর শহর সিউড়ি কিন্তু সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল হয়েছে রামপুরহাটে। বোলপুরকে স্মাট সিটি করার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই তুলনায় অনেকটাই পিছিয়ে সদর শহর সিউড়ি। রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থাতেই পিছিয়ে সদর শহর সিউড়ি। জমিজটের জন্য আটকে রয়েছে সিউড়ি-প্রান্তিক রেলপ্রকল্প বাস্তবায়নের কাজ। সিউড়ি থেকে রাজ্যের রাজধানী কলকাতা যাওয়ার জন্য ভরসা দেওঘর-হাওড়া ময়ূরাক্ষী এক্সপ্রেস, হাওড়া-সিউড়ি হুল এক্সপ্রেস এবং সিউড়ি-শিয়ালদহ মেমু এক্সপ্রেস সহ কয়েকটি সরকারি বাস যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে থেকেই সিউড়ি বিধানসভাকেন্দ্রে ভূমিপুত্র প্রার্থী দেওয়ার দাবি জোরালো হয়েছিল সমাজমাধ্যমে। সেই দাবিকে স্বীকৃতি দিয়ে রাজ্যের প্রধান চার রাজনৈতিক দল – তৃণমূল, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস তাদের চার ভূমিপুত্রকে সিউড়ি কেন্দ্রে প্রার্থী করেছে। সিউড়ি বিধানসভাকেন্দ্রে তৃণমূল প্রার্থী সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি, বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়, সিপিআইএম প্রার্থী শিক্ষক মতিউর রহমান, কংগ্রেস প্রার্থী সঞ্জয় অধিকারী এবং আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী কোহিনুর খাতুন। তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং সিপিআইএম প্রার্থী মতিউর রহমানের বাড়ী সিউড়ি লালকুঠিপাড়া। বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের বাড়ী সিউড়ি নুড়াইপাড়া। কংগ্রেস প্রার্থী সঞ্জয় অধিকারীর বাড়ী সিউড়ি শহরে। সমাজমাধ্যমে কিউআর কোডে অনুদান ডিজিটাল পথে তহবিল সংগ্রহে আবেদন জানিয়েছে সিপিআইএম প্রার্থী মতিউর রহমান।

