
শম্ভুনাথ সেনঃ
ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্ক এবার কেড়ে নিল এক তরতাজা প্রাণ। বীরভূমের নলহাটি থানার পাহাড়ি নতুন গ্রাম এলাকায় আনারুল শেখ (৩২) নামে এক যুবকের বিষপানে আত্মহত্যার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে খবর, এলাকায় SIR প্রক্রিয়ায় প্রায় ৯৮৭ জনের নাম তালিকা থেকে বাদ পড়েছে। আনারুল সমস্ত নথি জমা দিলেও সংশোধিত তালিকায় নিজের নাম না দেখে চরম মানসিক অবসাদে ভুগছিলেন। পুনরায় আপিল করতে গিয়েও বিফল হয়ে বাড়ি ফিরে তিনি বিষ খান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে গ্রামবাসীরা স্পষ্ট জানিয়েছেন, পরিস্থিতির দ্রুত সমাধান না হলে তাঁরা আসন্ন ভোট বয়কটের পথে হাঁটবেন। শোকের ছায়া আর প্রতিবাদের আগুনে বর্তমানে উত্তপ্ত নলহাটি এলাকা।
