
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের জেলা সদর সিউড়িতে বইছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘ ৩০ বছর পর কোনো দেশের প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভায় পা রাখতে চলেছেন এই সিউড়ি শহরে। আগামী ৯ এপ্রিল বিজেপির হেভিওয়েট নির্বাচনী প্রচারে সিউড়ির চাঁদমারি মাঠে জনসভা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাথমিকভাবে ইরিগেশন কলোনির মাঠে মোদীর সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে উপচে পড়া ভিড়ের আশঙ্কায় শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করে সিউড়ি পুলিশ লাইন সংলগ্ন বিশাল চাঁদমারি মাঠকে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। পাশাপাশি পুলিশ লাইনের মাঠেই নামবে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার। বীরভূমের ১১টি বিধানসভা কেন্দ্র সহ পার্শ্ববর্তী এলাকার বিজেপি প্রার্থীদের সমর্থনে ওই দিন সুর চড়াবেন মোদি। বর্তমানে সভাস্থলে প্যাণ্ডেল নির্মাণের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। জেলা প্রশাসনের পাশাপাশি এসপিজি (SPG) কর্তারাও নিরাপত্তা খতিয়ে দেখছেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বীরভূম জেলা বিজেপি কর্মীদের মধ্যে এখন উৎসবের মেজাজ। কয়েক দশকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মোদির হাত ধরেই জেলায় পদ্ম শিবিরের পালে বাড়তি হাওয়া লাগবে বলে আশাবাদী স্থানীয় নেতৃত্ব। এখন শুধু ৯ এপ্রিলের সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা।
