সবুজ বিপ্লবে বীরভূমের বোলপুর শিক্ষানিকেতন: ক্লাসরুম ছেড়ে ছাত্র-শিক্ষক মেতে উঠলেন ভুট্টা উৎসবে

শম্ভুনাথ সেনঃ

পুঁথিগত বিদ্যার চার দেওয়াল পেরিয়ে বীরভূমের পারুলডাঙার বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয় যেন এক টুকরো সবুজ অরণ্য। সম্প্রতি বিদ্যালয়ের ভেষজ সবজি বাগানে কচি ভুট্টা তোলার আনন্দে মেতে উঠলেন পড়ুয়া থেকে শিক্ষক সকলেই। প্রকৃতির কোলে বসে কচি ভুট্টার স্বাদ নেওয়ার এই দৃশ্য যেন শান্তিনিকেতনী সংস্কৃতিরই এক আধুনিক রূপ। উল্লেখ্য, এক সময় বিদ্যালয়ের ২৭ বিঘা জমি ছিল আগাছা আর আবর্জনায় ভরা। ২০২২ সালে প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাসের উদ্যোগে শুরু হয় ভোলবদল। সমাজবিরোধীদের আড্ডাখানা আজ ১৮৫ প্রজাতির ফুল, ফল ও ভেষজ উদ্ভিদের স্বর্গরাজ্য। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হওয়া এই বিশাল বাগান এখন ছাত্র-ছাত্রীদের কাছে হাতে-কলমে বিজ্ঞান ও পরিবেশ শিক্ষার শ্রেষ্ঠ গবেষণাগার। প্রান্তিক পরিবারের সন্তানদের কাছে এই বিদ্যালয় কেবল অক্ষরজ্ঞান নয়, স্বনির্ভরতার পাঠশালা হয়ে উঠেছে। প্রধান শিক্ষক জানান, সরকারি সহযোগিতা পেলে এই সবুজ উদ্যোগকে আরও বড় রূপ দেওয়া সম্ভব। বর্তমানে বিদ্যালয়ের এই পরিবেশ সচেতনতা বীরভূম জেলার জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *