
শম্ভুনাথ সেনঃ
তপ্ত রোদ উপেক্ষা করেই জনসমুদ্র আছড়ে পড়ল বীরভূমের সাঁইথিয়ার বিবেকানন্দ পল্লীর মেলার মাঠে। নানুর ও হাসনের পর আজ ১১ এপ্রিল বীরভূমে নিজের তৃতীয় নির্বাচনী জনসভাটি করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী নীলাবতী সাহার সমর্থনে আয়োজিত এই মেগা সভা থেকে একদিকে যেমন উন্নয়নের খতিয়ান পেশ করলেন তিনি, তেমনই সুর চড়ালেন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। অভিষেক অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার বাংলার সাধারণ মানুষের ঘর, রাস্তা এবং ১০০ দিনের কাজের টাকা অন্যায়ভাবে আটকে রেখেছে। রান্নার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দাম নিয়ে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, “এই সরকার আপনাদের লাইনে দাঁড় করিয়েছে, এবার আগামী ২৩ এপ্রিল আপনারা লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলে ভোট দিয়ে যোগ্য জবাব দিন।” রাজ্যে চতুর্থবারের জন্য মা-মাটি-মানুষের সরকার আসা কেবল সময়ের অপেক্ষা বলে দাবি করেন অভিষেক। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ভোটারদের বুথমুখী হওয়ার আহ্বান জানিয়ে তিনি তৃণমূলের ইস্তাহারের ‘পাঁচটি শপথ’ পুনর্ব্যক্ত করেন। প্রতিশ্রুতি দেন, মহিলারা আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, পাইপলাইনে পরিস্রুত পানীয় জল ঘরে ঘরে পৌঁছাবে এবং বয়োজ্যেষ্ঠরা পাবেন বার্ধক্য ভাতা। কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকারই গরিবের মাথার ওপর পাকা ছাদের ব্যবস্থা করবে বলে তিনি আশ্বস্ত করেন। এদিন তিনি সাঁইথিয়ার গ্রামীণ হাসপাতালের উন্নয়ন, দমকল কেন্দ্র এবং ময়ূরাক্ষীর উপর নতুন সেতু, দুটি বাইপাস নির্মাণ এর মতো স্থানীয় সাফল্যের খতিয়ান তুলে ধরে দুবারের বিধায়ক নীলাবতী সাহাকে বিপুল ভোটে জয়ী করার ডাক দেন। মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের কোর কমিটির আহবায়ক অনুব্রত মণ্ডল, তৃণমূলের প্রার্থী চন্দ্রনাথ সিংহ, ফায়জুল হক, অভিজিৎ সিংহ সহ সাংসদ অসিত মাল এবং জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
