
সেখ রিয়াজুদ্দিনঃ
কাঠফাটা রোদে তপ্ত রাঙামাটির জেলা বীরভূম। পাশাপাশি ভোটের আবহে রাজনৈতিক পারদ ঊর্ধ্বমুখী। এরই মধ্যে সবুজায়ন তথা বৃক্ষ রোপন কর্মসূচির মাধ্যমে পরিবেশ পরিস্থিতি, ভোটের শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা ছড়িয়ে দেওয়া হয় জেলাজুড়ে বিশেষ কর্মসূচির মাধ্যমে। ১২ এপ্রিল রবিবার আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার সচেতনতা বাড়াতে অভিনব এক ‘সবুজ সংকল্পের’ সাক্ষী থাকল জেলাবাসী। নির্বাচন কমিশনের SVEEP (Systematic Voters’ Education and Electoral Participation) কর্মসূচির অঙ্গ হিসেবে জেলার ১১টি বিধানসভা কেন্দ্রের ৫৫টি বুথে একযোগে পালিত হলো বৃক্ষরোপণ উৎসব।
বুথস্তরে করা হল সচেতনতার প্রসার। এদিন বেলা ১১টা বাজতেই জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রের বাছাই করা ৫টি করে বুথকে চিহ্নিত করে শুরু হয় চারাগাছ রোপণ। মূলত গত নির্বাচনে যেসব এলাকায় ভোটদানের হার আশানুরূপ ছিল না, সেই সব বুথকে পাখির চোখ করেই এদিন প্রচার চালানো হয় বলে জানা যায়। বুথ লেভেল অফিসারদের (BLO) প্রত্যক্ষ তত্ত্বাবধানে চলে এই মহতী উদ্যোগ। একদিকে যেমন মাটির টানে রোপণ করা হল সবুজের চারা, তেমনই অন্যদিকে উচ্চারিত হল আগামী ২৩ এপ্রিল নির্ভয়ে ও নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগের শপথ।
নবীন ও প্রবীন প্রজন্মের মেলবন্ধন ঘটলো এই কর্মসূচি রূপায়ণের মাধ্যমে।
এদিনের কর্মসূচির সবথেকে উল্লেখযোগ্য দিক ছিল অংশগ্রহণের বৈচিত্র্য। একদিকে যেমন অশীতিপর বৃদ্ধ লাঠিতে ভর দিয়ে এসে গাছ লাগালেন, তেমনই প্রথমবারের ভোটার বা ‘ফার্স্ট টাইম ভোটার’দের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। স্থানীয় স্কুল-কলেজের পড়ুয়ারাও শামিল হয়েছিল এই উৎসবে। পরিবেশ রক্ষা আর গণতান্ত্রিক অধিকার রক্ষা-এই দুই বার্তাকে পাথেয় করে বীরভূমের সিউড়ি, বোলপুর থেকে রামপুরহাট মহকুমার অন্তর্ভুক্ত ১১ টি বিধানসভার প্রতিটি কোণায় কোণায় ছড়িয়ে পড়ল সচেতনতার ঢেউ। এই কর্মসূচির মাধ্যমেই নেওয়া হল শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার।
আসন্ন নির্বাচনে বীরভূমের নির্বাচনী পরিবেশকে কলঙ্কমুক্ত ও শান্তিপূর্ণ রাখাই প্রশাসনের মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যেই ভোটারদের মনে সাহস জোগাতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সামিল করতে এই ধরনের জনসংযোগমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপস্থিত সাধারণ মানুষ এদিন সমস্বরে শপথ নেন “ভয়হীন ও পক্ষপাতহীন ভাবে ভোট দেবো, গণতন্ত্রের সুরক্ষায় নিজের দায়িত্ব পালন করব।”
উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল রাজ্যের বেশ কয়েকটি জেলার পাশাপাশি বীরভূমের ১১ টি বিধানসভা কেন্দ্রেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে জেলাজুড়ে এই ধরনের কর্মসূচি ভোটারদের মনে কতটা আত্মবিশ্বাস তৈরি করতে পারে, এখন সেটাই দেখার। প্রশাসনের আশা, আজকের এই ‘সবুজ বার্তা’ নির্বাচনের দিন বুথমুখী মানুষের ভিড়ে এক ইতিবাচক প্রতিফলন ঘটাবে।

