
শম্ভুনাথ সেনঃ
চৈত্র শেষে সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনে মুখরিত হয়ে উঠল বীরভূমের রাজগ্রাম মহামায়া উচ্চ বিদ্যালয়ের প্রেক্ষাগৃহ। ১২ এপ্রিল, রবিবার ‘চরৈবেতি’ পত্রিকার উদ্যোগে আয়োজিত হলো বার্ষিক সাহিত্য সভা,পত্রিকা উন্মোচন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। নিরুপমা রায় চৌধুরীর উদ্বোধনী সঙ্গীতের মূর্ছনায় অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর সম্পাদক কুদ্দুস আলির প্রারম্ভিক ভাষণে সভার গুরুত্ব ফুটে ওঠে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ‘চরৈবেতি’ পত্রিকার ৩৬তম বর্ষের নববর্ষ সংখ্যার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন। সংস্থার সভাপতি ডাঃ আলি আসগর ও প্রধান অতিথি ডঃ চৈতন্য বিশ্বাস সহ উপস্থিত ছিলেন” শিক্ষারত্ন” বরুণ কর্মকার, সাহিত্যিক অজিত মাইতি, ধ্বজাধারী দত্ত, দীনবন্ধু দাস, বিকল্প পত্রিকার সম্পাদক বাহারুল ইসলাম, রাজগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসিনাতুল ফেরদৌস ডালিয়া প্রমুখ। এদিন মঞ্চে কবিতা পাঠে অংশ নেন নাসির ওয়াদেন ও কোহিনূর বেগমের মতো বিশিষ্ট কবিরা। পাশাপাশি শিশুশিল্পী আইরিন ও ময়ূরাক্ষীর নৃত্য দর্শকদের বিশেষভাবে আপ্লুত করে। ঐতিহ্য মেনে এ বছরও শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ডঃ ফজলে মাওলা খাঁন, ডঃ সৌরভ মণ্ডল, অধ্যাপক মহম্মদ হাসনাইন ও ডঃ সৌভিক মণ্ডল এই চার ব্যক্তিত্বকে এদিন সম্মাননা প্রদান করা হয়। মন্টেন মুন্সীর চমৎকার সঞ্চালনায় এবং বিশিষ্ট গুণীজনদের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি এক অনন্য উচ্চতা লাভ করে। সবশেষে ছিল উপস্থিত সকলের জন্য প্রীতিভোজের আয়োজন।

