
সেখ রিয়াজুদ্দিনঃ
ভোটের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে রাজনৈতিক নেতাদের বক্তব্যের ঝাঁঝ ততই বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি একে অপরকে নানান দোষে দোষী সাব্যস্ত করেছেন। গরম গরম বক্তব্যের মাধ্যমে দলীয় কর্মীদের উজ্জীবিত করে তুলেছেন। উল্লেখ্য আগামী ২৩ এপ্রিল অন্যান্য কয়েকটি জেলার ন্যায় বীরভূমের ১১ টি আসনে ও প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে। সেই প্রেক্ষিতে ১৩ এপ্রিল দুপুরে খয়রাশোল গোষ্ঠডাঙ্গাল মাঠে বিজেপির উদ্যোগে আয়োজিত বিজয় সংকল্প যাত্রায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, দিদি তার ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে চাইছেন। তিনি আরও বলেন “তৃণমূলের তোলাবাজি, সিন্ডিকেট থেকে রক্ষা পেতে চাইছে সাধারণ মানুষ। রাজ্যে ৪ মে বিজেপির সরকার গঠন হবে। সিউড়ি কেন্দ্রীয় কো-অপারেটিভ ব্যাংকে এক কোটি টাকার দুনীতি হয়েছে । বালি, কয়লা দুনীতি করেছে।” তৃণমূলকে হুশিয়ারি দিয়ে বলেন, “গুন্ডা রাজ খতম করবো। যারা এখন বিজেপি কমীদের উপর অত্যাচার করছে ক্ষমতায় এসে তাদের শাস্তি দেবে এমনকি পাতালফুড়ে বের করেও শাস্তি দেবো।” এরপর বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, “দিদি ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে চাইছেন। এবার যতই ব্যান্ডেজ বাধুন কোনো সহানুভূতি পাবেন না। মানুষ বুঝে গিয়েছে মানুষ এবার বিজেপি সরকারকে ক্ষমতায় আনবে।” ভবিষ্যতের মুখ্যমন্ত্রী প্রসঙ্গে শাহ বলেন, “বাংলা জানা বাংলায় পড়া মানুষই রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন।” সভায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিরাপত্তার স্বার্থে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল প্রচুর পরিমানে। এদিনের সভায় দলীয় কর্মীদের পাশাপাশি সাধু সন্তদের উপস্থিতি অন্যমাত্রা এনে দেয় ।

