বীরভূমের দুবরাজপুরে খগেশ্বরনাথ ধামে নীল ষষ্ঠীর পুণ্যলগন: প্রাচীন রীতিতে মহাযজ্ঞ ও দীপদান, বসেছে গ্রামীণ মেলা

শম্ভুনাথ সেনঃ

চৈত্র সংক্রান্তির প্রাক্কালে বাংলা বছরকে বিদায় জানাতে বীরভূমের শৈবতীর্থগুলিতে এখন সাজ সাজ রব। নীল ষষ্ঠী উপলক্ষে দুবরাজপুর ব্লকের মঙ্গলপুর গ্রামে অবস্থিত ৪০৩ বছরের প্রাচীন খগেশ্বরনাথ শিব মন্দিরে আজ ১৩ এপ্রিল সকাল থেকেই শুরু হয়েছে এক বর্ণাঢ্য ধর্মীয় উৎসব। গ্রামীণ সংহতি ও লোকায়ত বিশ্বাসের মেলবন্ধনে মন্দির প্রাঙ্গণ ভক্তদের ভিড়ে মুখরিত।
শতাধিক বছর আগে মহাসাধক মৌণীবাবা যে উদয়াস্ত হোম-মহাযজ্ঞের সূচনা করেছিলেন, সেই ঐতিহ্য আজও অম্লান। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অগ্নিহোত্র যজ্ঞের পাশাপাশি চলছে গীতাপাঠ, চণ্ডীপাঠ ও হরিনাম সংকীর্তন। খগেশ্বরনাথ শিবমন্দির উন্নয়ন সমিতির সভাপতি অনোজ চক্রবর্তী জানান, প্রাচীন এই রীতি আজও গ্রামবাংলার মানুষের মনে গভীর আস্থার জায়গা দখল করে আছে। সংসারের মঙ্গল কামনায় ব্রতী মা ও মেয়েরা সারাদিন উপবাসী থেকে সন্ধ্যায় প্রদীপ হাতে ভিড় জমান মন্দির চত্বরে। তেলের মারুলি দিয়ে জ্বালানো শত শত নীল বাতির আলোয় এক মায়াবী পরিবেশ তৈরি হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমেই সম্পন্ন হয় তাঁদের কৃচ্ছ্রসাধন। উৎসবের শেষে নরনারায়ণ সেবা ও ভক্ত সেবার আয়োজনে এই ধর্মীয় অনুষ্ঠান এক মিলন উৎসবে পরিণত হয়েছে। বসেছে দুদিনের জন্য গ্রামীণ মেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *