
শম্ভুনাথ সেনঃ
আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনে ভোটকর্মীদের একাংশের গড়িমসি রুখতে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন।১৩ এপ্রিল, সোমবার বিকেলে বীরভূমের বোলপুর মহকুমা শাসকের দপ্তরে এক সাংবাদিক বৈঠকে বীরভূমের জেলাশাসক ধবল জৈন স্পষ্ট জানান, ভোটের ডিউটি পাওয়া সত্ত্বেও কোনো কর্মী অনুপস্থিত থাকলে তাঁর চাকরি নিয়ে টানাটানি পড়বে। ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। জেলাশাসক জানান, এবার নির্বাচন কমিশন অত্যন্ত কড়া। বীরভূমে স্বচ্ছ ও সন্ত্রাসমুক্ত নির্বাচন নিশ্চিত করতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী একযোগে কাজ করছে। ভোট ঘোষণার পর থেকে জেলায় জমা পড়া ১৫০০টি অভিযোগের সবকটিই দ্রুত সমাধান করা হয়েছে। এখন থেকে অভিযোগ পাওয়ার ১০০ মিনিটের মধ্যে এবং ভোটের দিন মাত্র ৩০ মিনিটের মধ্যে পদক্ষেপ নেওয়া হবে। বীরভূম জেলা পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব জানান, ওয়েবকাস্টিং ও কেন্দ্রীয় বাহিনীর টহলের মাধ্যমে প্রতিটি বুথে নজরদারি চালানো হচ্ছে। বুথ দখল বা কোনো রকম অশান্তি বরদাস্ত করা হবে না। উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল, বৃহস্পতিবার বীরভূমে প্রথম দফায় ভোটগ্রহণ। তিন দশক পর এরাজ্যে দু’দফায় ভোট হচ্ছে, যেখানে প্রতিটি নাগরিক যাতে নির্ভয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য বদ্ধপরিকর প্রশাসন।
