
শম্ভুনাথ সেনঃ
আজ ১৪ এপ্রিল, আধুনিক ভারতের প্রধান স্থপতি, সংবিধান প্রণেতা, প্রথিতযশা আইনজ্ঞ ও ভারতরত্ন ড. বি. আর. আম্বেদকরের ১৩৬তম জন্মজয়ন্তী। অদম্য মেধাশক্তি ও লড়াইয়ের মধ্য দিয়ে পিছিয়ে পড়া মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠা এই মহান মনীষীর জন্মদিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বীরভূমের দুবরাজপুর ও সিউড়িতে। ডঃ বি.আর. আম্বেদকার মেমোরিয়াল কমিটি এবং বাংলা সংস্কৃতি মঞ্চের যৌথ উদ্যোগে দুবরাজপুর ডাঙালতলার এক সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনের শুরুতেই ডঃ আম্বেদকরের প্রতিকৃতি নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা দুবরাজপুর পৌরশহর পরিক্রমা করে। এরপর সমিতির নিজস্ব প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন আম্বেদকার মেমোরিয়াল কমিটির সম্পাদক রতন চন্দ্র সাহা। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অতিথিরা ভারতরত্ন আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। স্মৃতিচারণ সভায় বক্তারা ড. আম্বেদকরের জীবন ও দর্শনের ওপর আলোকপাত করেন। বক্তব্য রাখেন দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি রাজকুমার ফুলমলি এবং সম্পাদক মহঃ আনোয়ারুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার মহিলা সভাপতি সাবিনা ইয়াসমিন, সাংবাদিক জয়দেব দেবাংশী, শ্যামল হাজরা সহ সমাজ উন্নয়ন সংগঠনের বহু তপশিলি জাতি ও উপজাতির মহিলা সদস্যবৃন্দ। একই সাথে জেলা সদর সিউড়ির আম্বেদকার উদ্যানেও তপশিলি আদিবাসী ঐক্যমঞ্চের পক্ষ থেকে আম্বেদকারের মূর্তিতে মাল্যদান করা হয়। সাম্য ও ন্যায়বিচারের আদর্শে এক বৈষম্যহীন ভারত গড়ার অঙ্গীকার নিয়ে দেশজুড়ে আজ পালিত হচ্ছে ড. আম্বেদকারের জন্মোৎসব। তাঁর দূরদর্শী চিন্তা আজও প্রতিটি ভারতবাসীর কাছে শ্রেষ্ঠ প্রেরণা।

