
শম্ভুনাথ সেনঃ
রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম বীরভূমের রাজনীতি। আজ ১৪ এপ্রিল বীরভূমের ইলামবাজারে বামফ্রন্ট ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)-এর এক বিশাল যৌথ জনসভায় শাসকদল তৃণমূল এবং বিজেপিকে তীব্র আক্রমণ শানান ভাঙড়ের বিধায়ক তথা ISF কর্ণধার নওশাদ সিদ্দিকী। আলিমুদ্দিনে বিমান বসুর সঙ্গে বৈঠকের পর ২০২৬-এর নির্বাচনেও বাম-ISF জোট নিশ্চিত হয়েছে। সেই জোটেরই বোলপুর কেন্দ্রের ISF প্রার্থী বাপি সরেনের সমর্থনে আয়োজিত এই সভায় উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। নওশাদ তাঁর ভাষণে ‘এসআইআর’ (SIR) নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে বলেন, “রাজ্য সরকার আড়াইশ কোটি টাকা খরচ করলেও কাজের কাজ কিছুই হয়নি। তৃণমূল স্রেফ রাজনীতি করতেই ব্যস্ত।” তিনি আরও যোগ করেন, শিক্ষা, স্বাস্থ্য এবং পানীয় জলের মতো মৌলিক অধিকার থেকে বীরভূমের মানুষ বঞ্চিত। এদিনের মঞ্চে বাপি সরেন ছাড়াও উপস্থিত ছিলেন সিউড়ির সিপিআইএম প্রার্থী মতিউর রহমান, নানুরের শ্যামলী প্রধান এবং লাভপুরের মনসা হাঁসদা। জোট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে নওশাদ বলেন, তৃণমূলের দুর্নীতি আর বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণের বিরুদ্ধে এই জোটই একমাত্র বিকল্প। প্রখর রোদ উপেক্ষা করে কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাজ্যের বুকে বর্তমান লড়াকু নেতার ভাষণ শুনে সাধারণ মানুষের মধ্যে যে উদ্দীপনা দেখা গেল, তা বীরভূমের রাজনৈতিক সমীকরণে নতুন ইঙ্গিত দিচ্ছে।

