
সেখ রিয়াজুদ্দিনঃ
বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাজনগর থানার ভবানীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন পাকা রাস্তার উপর। দূর্ঘটনার খবর চাউর হতেই স্থানীয় লোকজন ভিড় জমান এবং ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, আলিগড় থেকে ভবানীপুর অভিমুখে বেসরকারি বাসটি চলন্ত অবস্থায় মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন বাইক আরোহী। মৃতের পরিচয়ে জানা যায় যে রাজনগর থানার কুন্ডিরা গ্রামের অলোক দাস(৩৫)। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে স্থানীয় রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সিউড়ী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। মৃতদেহ ঘিরে বিক্ষোভরত স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনাস্থল সংলগ্ন এলাকায় রয়েছে ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়। বহুবার প্রশাসনের কাছে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ইতিপূর্বে এই রাস্তায় বেশ কয়েকবার লোকজন দুর্ঘটনার কবলে পড়লেও পরিস্থিতির উন্নতি হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। অন্যদিকে, দুর্ঘটনার পরেই বাসের চালক গাঢাকা দেয়। ক্ষুব্ধ গ্রামবাসীরা বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাময়িক ভাবে রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
